কাশ্মীরে ল্যান্ডমাইন বিস্ফোরণে দুই ভারতীয় সেনা নিহত
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পুঁতে রাখা ল্যান্ডমাইন বিস্ফোরণে দুই ভারতীয় সেনা নিহত হয়েছে। নিহতদের একজন সেনা কর্মকর্তা ও অন্যজন সেনা সদস্য। এ ঘটনায় আরও তিন সেনা সদস্য আহত হয়েছেন।
গতকাল শনিবার কাশ্মীরের পাকিস্তান সীমান্তবর্তী নিয়ন্ত্রণ রেখার কাছে এই ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়, কাশ্মীরের পাকিস্তান সীমান্তবর্তী নিয়ন্ত্রণরেখার নওশেরা-সুন্দরবানি সেক্টরে ল্যান্ডমাইন বিস্ফোরণের পর হতাহতের এই ঘটনা ঘটে। আহতদের দ্রুত সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
এদিকে বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, কাশ্মীরের নিয়ন্ত্রণরেখার নওশেরা-সুন্দরবানি সেক্টরের ওই এলাকায় বিচ্ছিন্নতাবাদীদের অনুপ্রবেশ আটকাতে মাটিতে সারি করে ভারতীয় সেনাবাহিনীর সদস্যরাই ওইসব ল্যান্ডমাইন পুঁতে রেখেছিল। কিন্তু তল্লাশি অভিযানের সময় শনিবার সেই ল্যান্ডমাইনের একটি বিস্ফোরিত হলে প্রাণহানির এই ঘটনা ঘটে।
এদিকে ভারতীয় আরেক বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, ল্যান্ডমাইন বিস্ফোরণে শনিবার নিহত ভারতীয় সেনা কর্মকর্তার নাম লেফটেন্যান্ট ঋষি কুমার এবং অন্যজন সেনা সদস্য মনজিৎ সিং।
উল্লেখ, বেশ কিছুদিন ধরেই উত্তপ্ত ভারতশাসিত জম্মু ও কাশ্মীর। ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে বিচ্ছিন্নতাবদীদের সংঘর্ষ চলছে। অন্যদিকে দেশটির অন্যান্য রাজ্য থেকে উপত্যকায় যাওয়া শ্রমিকদের ওপর লাগাতার আক্রমণ ও হত্যাকাণ্ড ঘটছে।

এনটিভি অনলাইন ডেস্ক