ঢাকা থেকে দিল্লি নেওয়া হয়েছে আহত কাশ্মীরি শিক্ষার্থীকে
সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ঢাকার একটি হাসপাতালে ভর্তি কাশ্মীরি শিক্ষার্থী শোয়েব লোনকে ভারতের দিল্লি নেওয়া হয়েছে। সোমবার শোয়েবকে ফ্লাইটে করে চিকিৎসার জন্য দিল্লিতে নেওয়া হয়।
শোয়েব লোনের বাড়ি জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলায়। গত ৩ জুন সড়ক দুর্ঘটনায় তাঁর এক বন্ধুর মৃত্যু হয়; আহত হন শোয়েবসহ আরও একজন। শোয়েবকে গুরুতর অবস্থায় চিকিৎসার জন্য ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
শোয়েবের পরিবার ঢাকায় পৌঁছে তাঁকে কোমায় দেখতে পান। তাঁর বাবা ভারতের সংবাদ সংস্থা এএনআইকে বলেন, তাঁর নিজ শহরের একজন স্থানীয় নেতা ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয়ে যোগাযোগ করেছিলেন। সে সময়ে নরেন্দ্র মোদি ঢাকায় ভারতের হাইকমিশনারকে পরিস্থিতি মূল্যায়নের অনুরোধ জানান এবং সাহায্য করতে বলেন।
হাইকমিশন ভারতের স্বাস্থ্য ও বেসামরিক বিমান পরিবহণ মন্ত্রণালয়ে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে সক্ষম হয়। বাংলাদেশে ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী গত রোববার রাতে শোয়েবের পরিবারের সঙ্গে দেখা করেন এবং শোয়েবকে দেখতে হাসপাতালে যান।
উভয়পক্ষের সম্মতিতে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সে এয়ারলিফটে শোয়েবকে চিকিৎসার জন্য নেওয়া হয়।
শোয়েব লোন বর্তমানে দিল্লির ট্রমা সেন্টার এআইআইএমএস-এ ভর্তি রয়েছেন। তাঁর বাবা আসলাম লোন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়েছেন।

এনটিভি অনলাইন ডেস্ক