পাকিস্তানে সরকারবিরোধী ১১ দলীয় নতুন জোট
গতকাল শুক্রবার পাকিস্তানের পাঞ্জাবে গুজরানওয়ালায় জিন্নাহ স্টেডিয়ামে ১১ দলীয় জোটের অনুষ্ঠানে জোটনেতা মাওলানা ফজলুর রহমান (মাঝে) ও মুসলিম লীগ নেত্রী ও নওয়াজ শরিফের মেয়ে মরিয়ম নওয়াজ শরিফ (বাঁয়ে)। ছবি : সংগৃহীত
নওয়াজ শরিফ ও বিলাওয়াল ভুট্টোর যৌথ নেতৃত্বে পাকিস্তানে সরকারবিরোধী ১১ দলীয় নতুন জোট আত্মপ্রকাশ করেছে।
এই জোটে রয়েছে সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মুসলিম লীগ, বিলাওয়াল ভুট্টোর নেতৃত্বাধীন পাকিস্তান পিপলস পার্টি পিপিপি, জমিয়ত উলেমা-ই-ইসলাম, আওয়ামী ন্যাশনাল পার্টি। পাকিস্তানি সংবাদমাধ্যম ডন এ খবর জানিয়েছে।
পাকিস্তানের পাঞ্জাবে গুজরানওয়ালায় জিন্নাহ স্টেডিয়ামে গতকাল শুক্রবার ১১ দলীয় জোটের অনুষ্ঠানে অংশ নেন নেতাকর্মীরা। ছবি : সংগৃহীত
গতকাল শুক্রবার সরকারবিরোধী এই জোটের আয়োজিত সমাবেশে লন্ডন থেকে অনলাইন ভিডিও লিঙ্কের মাধ্যমে যোগ দেন নওয়াজ শরিফ। এ সময় তিনি পাকিস্তানের সেনাপ্রধান বাজওয়াকে রাজনীতিতে হস্তক্ষেপ না করার আহ্বান জানান। এ ছাড়া দেশবাসীকে যোগ দিতে বলেন সরকার পতনের আন্দোলনে।
সমাবেশে পিপিপি নেতা বিলাওয়াল ভুট্টো এই জোটকে সর্বদলীয় আখ্যা দিয়ে পাকিস্তানের সেনাপ্রধানের পতনের মধ্য দিয়ে নতুন অধ্যায় সৃষ্টির আহ্বান জানান।

এনটিভি অনলাইন ডেস্ক