ভারত ও পাকিস্তানের যাত্রীবাহী ফ্লাইট বন্ধ করল কানাডা
ভারত ও পাকিস্তান থেকে যাওয়া সব যাত্রীবাহী ফ্লাইট ৩০ দিনের জন্য বন্ধ করে দিয়েছে কানাডা। করোনাভাইরাস সংক্রমণ রোধে কঠোর পদক্ষেপের আওতায় গতকাল বৃহস্পতিবার কানাডা এ নিষেধাজ্ঞা ঘোষণা করেছে।
শুক্রবার রাত সাড়ে এগারোটা থেকে বিমান চলাচলে এই নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে। তবে পণ্যবাহী ফ্লাইট এর আওতায় পড়বে না। খবর টাইমস অব ইন্ডিয়া ও দ্য ডনের।
গত বৃহস্পতিবার ভারতে করোনাভাইরাস আক্রান্ত হয়েছে তিন লাখের বেশি মানুষ, যা বিশ্বে একদিনে শনাক্তের সর্বোচ্চ রেকর্ড।
এর পরই কানাডার স্বাস্থ্যমন্ত্রী এক সংবাদ সম্মেলনে ভারত ও পাকিস্তান থেকে যাওয়া সব যাত্রীবাহী ফ্লাইট ৩০ দিনের জন্য বন্ধ রাখার ঘোষণা দেন।
ওদিকে, কানাডার পরিবহনমন্ত্রী ওমর আলঘাবরা বলেছেন, প্রয়োজনে অন্যান্য দেশের ফ্লাইট বাতিল করতেও কানাডা সরকার দ্বিধা করবে না।
ভারতকে এরই মধ্যে যুক্তরাজ্য ভ্রমণের লাল তালিকাভুক্ত করেছে। ব্রাজিল, চিলি, আর্জেন্টিনা, দক্ষিণ আফ্রিকা এবং ভারত থেকে ভ্রমণকারীদের জন্য ফ্রান্সে চালু করা হয়েছে ১০ দিনের কোয়ারেন্টিন।

এনটিভি অনলাইন ডেস্ক