ইসরায়েল থেকে দূতাবাস কর্মীদের সরিয়ে নিচ্ছে কানাডা
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও ইরানের ওপর সম্ভাব্য মার্কিন হামলার আশঙ্কায় ইসরায়েলের তেলআবিব শহর থেকে অনাবশ্যক কূটনৈতিক কর্মী ও তাদের পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে কানাডা।
স্থানীয় সময় শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দেশটির গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা এক বিবৃতিতে এই সিদ্ধান্ত জানায়। তবে তেল আবিবে অবস্থিত কানাডিয়ান দূতাবাসটি এখনও খোলা রয়েছে। সেখান থেকে সীমিত পরিসরে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। খবর বার্তা সংস্থা এএফপির।
কানাডা সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই সিদ্ধান্তটি সাময়িকভাবে নেওয়া হয়েছে। তবে লেবানন ও ফিলিস্তিনে অবস্থানরত কানাডীয় কর্মী এবং তাদের পরিবারের সদস্যরা বর্তমানে তাদের কর্মস্থলেই অবস্থান করছেন। সেখানে মিশনগুলোর কার্যক্রম স্বাভাবিক রয়েছে। এর পাশাপাশি ইরানে অবস্থানরত কানাডীয় নাগরিকদেরও সতর্ক করেছে দেশটি।
বিবৃতিতে বলা হয়েছে, ইরানে থাকা কানাডীয়রা নিরাপদ মনে না করলে এখনই দেশত্যাগ করা উচিত।
মূলত ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক পদক্ষেপের গুঞ্জন ও আঞ্চলিক অস্থিরতা বৃদ্ধি পাওয়ায় নিজেদের কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে এই আগাম পদক্ষেপ নিলো অটোয়া। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, কানাডার এই সিদ্ধান্ত ওই অঞ্চলে একটি বড় ধরনের সংঘাতের আশঙ্কারই ইঙ্গিত দিচ্ছে।

এনটিভি অনলাইন ডেস্ক