মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী বাছাইপর্ব থেকে সরে গেলেন স্যান্ডার্স
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের প্রার্থী বাছাই পর্বে শেষ পর্যন্ত লড়াই না করে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন সিনেটর বার্নি স্যান্ডার্স। এর আগে তিনি প্রার্থী বাছাই প্রক্রিয়ার শেষ পর্যন্ত লড়াই করে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন।
ডেমোক্র্যাট দলের প্রার্থী বাছাই প্রক্রিয়া থেকে গতকাল বুধবার নিজেকে প্রত্যাহার করে নেন স্যান্ডার্স। এর ফলে ডেমোক্র্যাট দলে প্রার্থী বাছাইয়ের দৌড়ে সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের আর কোনো প্রতিদ্বন্দ্বী রইল না। সেইসঙ্গে আগামী নভেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে যুক্তরাষ্ট্ররে প্রধান দুই দলের প্রার্থী চূড়ান্ত হয়ে গেল। এতে ক্ষমতাসীন রিপাবলিকান দলের প্রার্থী থাকছেন প্রেসিডেন্ট ট্রাম্প এবং ডেমোক্র্যাট দল থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন জো বাইডেন। সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
স্যান্ডার্স বলেন, ‘আমি এ সিদ্ধান্ত হালকাভাবে নিইনি।’ লাইভ ভিডিও বক্তৃতায় তিনি একে ‘খুবই কঠিন এবং বেদনাদায়ক' সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করেন।
অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক টুইটার পোস্টে স্যান্ডার্সের সরে যাওয়ার বিষয়টিকে স্বাগত জানিয়েছেন। তিনি ওই বার্তায় বলেছেন, ডেমোক্র্যাট দলই চেয়েছিল স্যান্ডার্স প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ান। তিনি বলেন, এখন স্যান্ডার্সের সমর্থকদের উচিত হবে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থীকে ভোট দেওয়া।

অনলাইন ডেস্ক