ইরানে দ্বিতীয় দফার বিমান হামলা শেষ করার দাবি যুক্তরাষ্ট্রের
ইরানের সামরিক সক্ষমতা লক্ষ্য করে দ্বিতীয় দফার বিমান হামলা সম্পন্ন করার দাবি করেছে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজে ইরানের হামলা চালানোর সক্ষমতা নস্যাৎ করার ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এই আক্রমণ চালানো হয়েছে বলে মার্কিন প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
সেন্টকমের এক বিবৃতিতে বলা হয়েছে, সাম্প্রতিক এই হামলায় মার্কিন বাহিনী ইরানের সামরিক কমান্ড সেন্টার, সামুদ্রিক সক্ষমতা, ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণ কেন্দ্র ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে লক্ষ্যবস্তু করেছে।
বিবৃতিতে সেন্টকম আরও জানায়, তীব্র উত্তেজনার মধ্যেও হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল অব্যাহত রয়েছে। গত মে মাসের শুরু থেকে মার্কিন বাহিনী প্রায় ৯০০টি বাণিজ্যিক জাহাজ ও ৪৫০ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল নিরাপদে চলাচলে সহায়তা করেছে। মুক্ত ও অবাধভাবে প্রণালি অতিক্রম করতে চাওয়া বেসামরিক নাবিকদের ওপর অহেতুক আগ্রাসনের জন্য ইরানকে জবাবদিহিতার আওতায় আনতে মার্কিন বাহিনী প্রস্তুত রয়েছে।

এনটিভি অনলাইন ডেস্ক