শপথের আগে চার্চে জো বাইডেন
স্ত্রী জিল বাইডেনকে সঙ্গে নিয়ে ওয়াশিংটনের একটি চার্চে গেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার আগে উপাসনার জন্য চার্চে যাওয়া দেশটির বহু পুরোনো রীতি।
সংবাদমাধ্যম ইউএসএ টুডে জানায়, ওয়াশিংটনের ক্যাথেড্রাল অফ সেন্ট ম্যাথুউ দ্য আপোস্টেলে জো বাইডেন, জিল বাইডেন, কমলা হ্যারিস ও তাঁর স্বামী ডগলাস এমহলফ ছাড়াও অন্য কংগ্রেস নেতারা উপস্থিত হন।
কিছুক্ষণ পরেই যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডেমোক্র্যাট দলের নবনির্বাচিত প্রেসিডেন্ট বাইডেন। তাঁর সঙ্গে কমলা হ্যারিস ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন। সেখানে উপস্থিত থাকছেন না ট্রাম্প।
বাইডেনের অভিষেক উপলক্ষে ওয়াশিংটন ডিসিসহ প্রতিটি শহরেই এবার নেওয়া হয়েছে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা। তবে নভেল করোনাভাইরাসের প্রকোপের কারণে নেই গণজমায়েতের সুযোগ। ঘরে বসেই নতুন প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার আনুষ্ঠানিকতা দেখতে হবে মার্কিনিদের। বাইডেনের অভিষেক উপলক্ষে ওয়াশিংটন ডিসির ন্যাশনাল মলের পুরো চত্বর মুড়ে দেওয়া হয় এক লাখ ৯১ হাজার ৫০০ পতাকা দিয়ে। যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য ও টেরিটরির নির্দেশক ৫৬টি পিলারে করা হয় মনোমুগ্ধকর আলোকসজ্জা।
ওয়াশিংটন ডিসিতে বাইডেনের শপথ উপলক্ষে নিশ্ছিদ্র নিরাপত্তায় কাজ করেছে ২৫ হাজার সেনাসদস্য। সঙ্গে আছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যও।
নিরাপত্তা ব্যবস্থার এত কড়াকড়ি থাকলেও বাইডেনের শপথে ওয়াশিংটন ডিসি থাকবে জনমানবশূন্য। যদিও অভ্যন্তরীণ হুমকির কোনো ইঙ্গিত নেই বলে জানিয়েছেন দেশটির অস্থায়ী প্রতিরক্ষামন্ত্রী ক্রিস্টোফার মিলার।

এনটিভি অনলাইন ডেস্ক