সিরিয়ায় হঠাৎ তুষারপাত
যুদ্ধ, বোমা বর্ষণ, দখল আর পাল্টা দখলের খবরে সিরিয়া কিছুদিন ধরেই রয়েছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। এবার দেশটিতে হঠাৎ তুষারপাত সিরিয়াকে নতুন করে খবরের শীর্ষে এনেছে।
সিরিয়ার উত্তরাঞ্চলের দেইর এজ জরে হঠাৎ করেই শুরু হয় তুষারপাত। মরুময় এই প্রদেশে বৃষ্টিই যেখানে খুব কালেভদ্রে হয় সেখানে বরফ পড়ার ঘটনা স্থানীয়দের রীতিমতো বিস্মিত করেছে। পুরো সপ্তাহই যেখানে ছিল প্রচণ্ড গরম সেখানে হঠাৎ করে তুষারপাত শুরু হলে তো অবাক হতেই হবে।
পুরো ২৫ বছর পর সিরিয়ায় এই তুষারপাতের ঘটনা ঘটল।
জাতিসংঘের সহযোগী সংস্থাগুলো আল হাওল শহরের বাসিন্দাদের উত্তরাঞ্চলে সরিয়ে নিতে কাজ করছে। আপাতত উদ্বাস্তুদের এই এলাকায় রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন এই তুষারপাতের কারণে বহু মানুষ উপযুক্ত কাপড় ও জ্বালানির অভাবে ঠান্ডায় কষ্ট পাচ্ছে।
দি ইনডিপেনডেন্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রচণ্ড তুষারপাতের কারণে উত্তরাঞ্চলের ইরাক সীমান্তবর্তী এলাকায় ত্রাণ কার্যক্রমও ব্যহত হচ্ছে। যেখানকার শরণার্থী শিবিরগুলোতে বাস করছেন হাজারো ইয়াজিদি সম্প্রদায়ের মানুষ।
সিঙ্গার পাহাড়ে প্রায় ৫০ সেন্টিমিটার পুরু বফর পড়েছে যা সেখানে বসবাসরত শরণার্থীদের ভীষণ দুর্দশায় ফেলেছে বলে জানিয়েছেন সিঙ্গার শহরের মেয়র মাহমা খলিল। তিনি বলেন, সেখানে প্রায় তিন হাজার মানুষ তাঁবুর ভেতর বসবাস করছেন এবং আরো নয় হাজার মানুষের খাদ্য, জ্বালানি ও গরম কাপড় প্রয়োজন। তিনি বাগদাদ সরকারের কাছেও ত্রাণ সহায়তা চান।
দেশটিতে গৃহযুদ্ধ চলাকালে আইএসের মতো সন্ত্রাসবাদী ফ্রি সিরিয়ান আর্মি ও সিরিয়ার সরকারি বাহিনীর মধ্যে তীব্র যুদ্ধ হতে দেখা গেছে এই প্রদেশে। ২০১৫ সাল থেকে এই শহরে অন্তত দুই লাখ মানুষ আইএসের হাতে বন্দি ছিল। শুধু জ্বালানি, ওষুধ এবং জরুরি কিছু সরকারি সহায়তা তাঁদের কাছে পৌঁছানো যেত।

অনলাইন ডেস্ক