একসঙ্গে ৫০০ জন, ছবি উঠল ড্রোনে
কয়েক পুরুষ ধরে চীনের পূর্বাঞ্চলে ঝিজিয়াং প্রদেশের শিশে গ্রামে আছে রেন পরিবার। গত সপ্তাহে চীনা নববর্ষ উপলক্ষে তারা একটি পারিবারিক পুনর্মিলনীর আয়োজন করে। সেখানে জমায়েত হয় পরিবারটির সদস্যদের কমপক্ষে ৫০০ জন। পরিবারের সব সদস্যের একই ফ্রেমে বাঁধতেই তাদের ওই উদ্যোগ।
পুনর্মিলনীতে একসঙ্গে সেই ৫০০ জনের ছবিটি তোলেন ঝ্যাং লিয়ানজং নামের এক আলোকচিত্রী। ছবিটি তুলতে তাঁকে ব্যবহার করতে হয়েছে চালকবিহীন বিমান (ড্রোন)।
ঝ্যাং লিয়ানজং জানান, ৮৫১ বছর আগেও রেন পরিবারের পূর্বপুরুষদের খুঁজে পাওয়া যাবে। তবে আট দশক ধরে পরিবারটিতে বংশপরম্পরা (ফ্যামিলি ট্রি) সংরক্ষণ করা হয় না।
ঝ্যাং আরো জানান, সম্প্রতি বিষয়টি নিয়ে সচেতন হন পরিবারটির মুরুব্বিরা। বংশপরম্পরাটি হালনাগাদ করার জন্য পরিবারটির বর্তমান সদস্যদের মধ্য থেকে কমপক্ষে দুই হাজারজনকে একত্র করার চেষ্টা করেন তাঁরা। শেষ পর্যন্ত মুরুব্বিদের ডাকে সাড়া দিয়ে বেইজিং, সাংহাই, জিনজিয়ান ও তাইওয়ান থেকে ছুটে আসেন ৫০০ জনের বেশি সদস্য। তাঁদের দিয়েই হালনাগাদের কাজটি সফলভাবেই সমাধান করা হয়।
জমায়েতের কারণ হিসেবে গ্রামপ্রধান ও রেন পরিবারের সদস্য রেন তুয়ানজাই চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম শিনহুয়াকে বলেন, ‘একটা কারণ হলো আমাদের উত্তরসূরিরা শেষ পর্যন্ত কী করছে, কোথায় বসবাস করছে, তা আমাদের পূর্বপুরুষদের অবহিত করা।’
‘আরেকটি কারণ হলো উত্তরসূরিদের তাঁদের শিকড় সম্পর্কে জানানো, যাতে তারা যেখানেই যায়, এটা যেন মনে থাকে তারা কোথা থেকে এসেছে।’

বিবিসি