গাড়ির চালক সৌদি নারী, ভিডিও দেখে পুলিশ তৎপর
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে সৌদি আরবের এক নারীর গাড়ি চালানোর ভিডিও। এরপর অসামাজিক কাজের অভিযোগে ওই নারী, গাড়ির মালিকসহ আরো দুজনকে আটক করেছে সৌদি পুলিশ।
সৌদি আরবের পূর্বাঞ্চলের প্রদেশ আল খাফিয়ায় এ ঘটনা ঘটেছে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হওয়ার পর সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করা হয়। ভিডিওটিতে দেখা যায়, একজন নারী পুরুষের লম্বা জামা, মাথার কাপড় দিয়ে মুখ ঢেকে গাড়ি চালাচ্ছেন। ভিডিওটি ধারণ করা হয় সৌদি আরবের পূর্বাঞ্চলের প্রদেশে। পরে তদন্ত করে গাড়িটির মালিককে চিহ্ণিত করা হয়।
পূর্বাঞ্চল প্রদেশের পুলিশ কর্মকর্তা জিয়াদ আল রাকিতি এসব তথ্য নিশ্চিত করেছেন।
ভিডিওটি দেখে পুলিশ ৪০ বছর বয়সী সৌদি নাগরিক ওই গাড়ির মালিককে ডেকে পাঠায়। ওই ব্যক্তি প্রথম দিকে পুলিশের কাছে না গেলেও দুদিন পর যান। পরে তাঁকে রাষ্ট্রপক্ষের আইনজীবীর কাছে দেওয়া হয়। এই ঘটনায় দুজন নারীকেও চিহ্ণিত করা হলেও তাঁদের জাতীয়তা সম্পর্কে জানা যায়নি।
সৌদি আরবে নারী-পুরুষের অবাধ মেলামেশার ওপর নিষেধাজ্ঞা রয়েছে। এর আগেও সৌদি আরবে নারীর গাড়ি চালানো নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল বিতর্ক হয়।
২০১৩ সালে সৌদি ধনকুবের প্রিন্স আল ওয়ালিদ বিন তালাল টুইট করে নারীদের গাড়ি চালানোর সমর্থন করেন। তাঁর মতে, নারীরা গাড়ি চালালে পাঁচ লাখ বিদেশি চালকের ওপর নির্ভর করতে হবে না। তা ছাড়া এর ফলে দেশ অর্থনৈতিক ও সামাজিকভাবে লাভবান হবে।

গালফ নিউজ