টেক্সাসে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪৪
ঘূর্ণিঝড় হার্ভের আঘাতের পর সৃষ্ট বন্যায় যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪। এখনো ১৯ জন নিখোঁজ রয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। সেখানে বিশুদ্ধ পানি সংকট, স্বাস্থ্যঝুঁকিসহ নানা মানবিক সংকট দেখা দিয়েছে।
অঙ্গরাজ্যটির পুলিশ ও উদ্ধারকর্মীদের দাবি, এরই মধ্যে হাজার হাজার অধিবাসীকে উদ্ধার করে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে।
রয়টার্সের খবরে বলা হয়, টেক্সাসের দক্ষিণ-পূর্বাঞ্চলে খাবার পানি সরবরাহ বন্ধ হয়ে গেছে। টেক্সাসের সাত লাখ ৭৯ হাজার অধিবাসীকে বাসস্থান ছেড়ে নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে এবং এরই মধ্যে নয় লাখ ৮০ হাজার মানুষ বাড়ি ছেড়েছে।
বন্যার্তদের রক্ষায় সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে উল্লেখ করে টেক্সাস কর্তৃপক্ষ জানায়, ফায়ার সার্ভিসের কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করছেন। টেক্সাসের হ্যারিস কান্ট্রির কিছু এলাকা ১৮ ইঞ্চি পানির নিচে তলিয়ে রয়েছে। অঙ্গরাজ্যটির আরেক শহর বমন্ট একটি হাসপাতাল থেকে ১৯০ জন রোগীকে সরিয়ে নিয়েছেন চিকিৎক ও নার্সরা।
এখনো অনেকে বন্যার পানিতে আটকা পড়ে আছে উল্লেখ করে রিচার্ড নামে এক বাসিন্দা জানান, তাঁদের অ্যাপার্টমেন্টে পরিবারের অনেকে আটকা পড়ে আছেন। সাপের উপদ্রব দেখা দিয়েছে বলেও জানান তিনি।
এদিকে হোস্টন শহর থেকে ২৫ কিলোমিটার পূর্বে এক রাসায়নিক কারখানায় পানি ঢোকার পর সেখানে বিস্ফোরণ ঘটে। এতে একজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
গত শুক্রবার টেক্সাসে অর্ধশতাব্দীর মধ্যে সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় হার্ভে আঘাত হানে। পরে এটি দুর্বল হয়ে প্রচুর বৃষ্টিপাত শুরু হলে এই ভয়াবহ বন্যার সৃষ্টি হয়। ধারণা করা হচ্ছে, টেক্সাসের চার ভাগের একভাগ পানির নিচে তলিয়ে গেছে। এতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, বিশুদ্ধ পানি সংকট, স্বাস্থ্যঝুঁকিসহ নানা সংকট দেখা দিয়েছে।

রয়টার্স