১১ রুপি তছরুপে ২৬ বছর পর এক বছরের দণ্ড!
অভিযোগ ছিল হাসপাতালে অজ্ঞান করার ওষুধের প্রয়োজন বেশি দেখিয়ে কম ওষুধ কেনা। আর মাত্র ১১ রুপির সেই ওষুধের হিসাব গড়মিলের অভিযোগে এক নার্সকে ২৬ বছর পর ১ বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। এ ছাড়া ওই অভিযোগে অভিযুক্ত নার্স নূরজাহানকে ১০০ রুপি জরিমানাও করা হয়। অবাক হলেও সত্যি এই শাস্তির ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশের এক আদালতে।
টাইমস অব ইন্ডিয়ার খবরে জানা যায়, ২৬ বছর আগে ঘটনাটি ঘটলেও এ ঘটনায় মামলা দায়ের করা হয় ২৪ বছর আগে। এরপরের বছরগুলোতে ১৮৫ জন স্বাক্ষীর সাক্ষ্য নিয়েছেন আদালত । সবশেষে গতকাল বুধবার অভিযুক্ত নূরজাহান নামের নার্স ও শোভারাম নামের এক সুইপারকে এক বছর করে কারাদণ্ডাদেশ দেন আদালত।
মামলার অভিযোগপত্র থেকে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ১৯৮৯ থেকে ১৯৯০ সাল পর্যন্ত চালু একটি চিকিৎসাসেবা ক্যাম্পে থাকাকালীন একটি ‘অ্যাম্পুল’ কম দেখানোয় ১১ রুপির হিসাব মেলেনি। সেই অভিযোগে পাঁচজনকে আসামি করে মমলা দায়ের করেছিল হাসপাতালের সংশিষ্ট বিভাগ। এত বছরের তদন্ত শেষে অভিযোগপত্র জমা দেয় উত্তর প্রদেশ পুলিশ। আর সেই অভিযোগে এক বছরের সাজা হলো সত্তরোর্ধ্ব অবসরপ্রাপ্ত নার্সের।

অনলাইন ডেস্ক