ছেলের আশায় ২২ বছরেই ষষ্ঠ সন্তানের মা হচ্ছেন তরুণী, ভিডিও ভাইরাল
একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞের শেয়ার করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন ও উদ্বেগের সৃষ্টি করেছে। ভিডিওটিতে দেখা যায়, ভারতের উত্তর প্রদেশে মাত্র ২২ বছর বয়সী এক তরুণী ষষ্ঠ সন্তানের মা হতে চলেছেন। মূলত আরও একটি পুত্রসন্তানের আশায় একের পর এক সন্তান জন্ম দিয়ে নিজের জীবনকে চরম ঝুঁকির মুখে ঠেলে দিয়েছেন ওই তরুণী ও তার পরিবার। খবর এনডিটিভির।
উত্তর প্রদেশের স্পন্দন হাসপাতালের চিকিৎসক ডাক্তার প্রজ্ঞা রোগী ও তার স্বামীর সম্মতি নিয়েই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন। ভিডিওটি প্রকাশ্যে আসার পর থেকে ভারতের সমাজব্যবস্থায় গেড়ে বসা পুত্রসন্তানের আকাঙ্ক্ষা ও লিঙ্গ বৈষম্য নিয়ে নতুন করে তুমুল বিতর্ক শুরু হয়েছে।
ডাক্তার প্রজ্ঞার শেয়ার করা ভিডিওতে দেখা যায়, রাজস্থানের বাসিন্দা ওই তরুণী ও তার স্বামী মাত্র ১৫ বছর বয়সে বাল্যবিয়ে করেছিলেন। ২২ বছর বয়সের মধ্যেই এই দম্পতির ঘরে চার কন্যাসন্তান ও এক পুত্রসন্তানসহ মোট পাঁচটি সন্তান রয়েছে।
ভিডিওতে চিকিৎসকের সঙ্গে আলাপকালে ওই তরুণী বলেন, আমার বারবার মেয়ে হচ্ছিল...আমাদের মাত্র একটা ছেলে আছে, আমাদের আরও একটা ছেলে দরকার। পাশে থাকা তার স্বামী যোগ করেন, ‘সংসার চালানো এবং বংশের ধারা টিকিয়ে রাখার জন্য মাত্র একটা ছেলে যথেষ্ট নয়।’ স্বামীর এমন মন্তব্য এবং বংশ রক্ষার অন্ধ মোহ অনলাইন দুনিয়ায় তীব্র সমালোচনার জন্ম দিয়েছে।
ভিডিওতে ডক্টর প্রজ্ঞা তোমার ওই দম্পতিকে এত অল্প বয়সে ঘন ঘন গর্ভধারণের ফলে সৃষ্ট মারাত্মক স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে কঠোরভাবে সতর্ক করেন। তরুণীটি ইতোমধ্যে শ্বাসকষ্ট, মাথা ঘোরা ও তীব্র শরীর ব্যথার মতো জটিলতায় ভুগছিলেন। চিকিৎসকদের মতে, এগুলো মূলত পুষ্টির অভাব, রক্তস্বল্পতা এবং একের পর এক গর্ভধারণের ফলে সৃষ্ট শারীরিক ক্লান্তির লক্ষণ।
ডাক্তার প্রজ্ঞা ওই তরুণীর উদ্দেশে বলেন, এতবার গর্ভধারণ করে আপনি নিজের জীবনকে চরম ঝুঁকির মধ্যে ফেলছেন। শরীরকে পূর্ববর্তী প্রসবের ধকল থেকে পুরোপুরি সেরে ওঠার সময় না দিয়ে বারবার মা হওয়া মা ও অনাগত সন্তান উভয়ের জন্যই অত্যন্ত বিপজ্জনক।
ভিডিওটি ভাইরাল হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা ওই তরুণীর শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। পুত্রসন্তানের জন্য নারীর ওপর সামাজিক চাপের তীব্র নিন্দা জানিয়েছেন। একই সঙ্গে গ্রামীণ অঞ্চলে গর্ভনিরোধক বা জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি সম্পর্কে সচেতনতার অভাব, বাল্যবিয়ে ও পরিবার পরিকল্পনা শিক্ষার অভাবের বিষয়টিও উঠে এসেছে।
ভিডিওর কমেন্ট বক্সে ক্ষোভ উগরে দিয়ে একজন ব্যবহারকারী লিখেছেন, তিনি প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই মা হয়ে গেছেন। দ্বিতীয় একজন লিখেছেন, স্বামীর চেহারা ও আর্থিক অবস্থা দেখুন, অথচ তিনি বংশ রক্ষার দোহাই দিচ্ছেন! যেখানে নিজের পরিবারকে অন্ন, বস্ত্র ও বাসস্থান দেওয়ার সামর্থ্য নেই, সেখানে বংশের ধারা রক্ষা করার এত কী প্রয়োজন?
আরেকজন লিখেছেন, তার বয়স সত্যিই কি ২২ বছর? এটা অত্যন্ত নিষ্ঠুর একটা ঘটনা। অন্য এক ব্যবহারকারী মন্তব্য করেছেন, একটি শিশু নিজেই একঝাঁক শিশুকে বড় করছে।

এনটিভি অনলাইন ডেস্ক