বিশ্বের প্রথম বস্তি জাদুঘর
বিশ্বের প্রথম ‘স্লাম মিউজিয়াম’ বা বস্তি জাদুঘর তৈরি হচ্ছে ভারতের মুম্বাইয়ে। ভারতের মেট্রো শহর বলে পরিচিত এ শহরের ধারাভি বস্তিকে কেন্দ্র করে এ অভিনব জাদুঘর তৈরি হচ্ছে। আর এই বস্তিকে ঘিরেই নির্মিত হয়েছিল ‘স্লামডগ মিলেনিয়ার’-এর মতো বিখ্যাত ছবি।
অভিনব এই জাদুঘরের মূল উদ্যোক্তা হলেন স্প্যানিশ শিল্পী জর্জ রুবিও।
এ বিষয়ে গত মঙ্গলবার রুবিও জানান, মুম্বাইয়ের এই জাদুঘর হবে বিশ্বের প্রথম বস্তিতে তৈরি হওয়া জাদুঘর, যা সারা বিশ্বের মানুষের কাছে আগ্রহের একটি অন্যতম স্থান হয়ে উঠবে। আগামী ফেব্রুয়ারি মাসে খুলে দেওয়া হবে এই বস্তি জাদুঘর। আপাতত দুই মাসের জন্য খুলে দেওয়া হবে এটি।
মুম্বাইয়ের এই ধারাভি বস্তিতে এক কোটির বেশি মানুষের বাস। তাঁদের জীবন-জীবিকা এবং বেঁচে থাকার যে লড়াই, সেই লড়াইয়ের বিষয়টাকেই নানা সামগ্রীর মাধ্যমে তুলে ধরা হবে এই জাদুঘরে। তাঁরা যেসব কাজের মাধ্যমে জীবিকা নির্বাহ করেন, সেসব কাজের সামগ্রীই উপস্থিত করা হবে এখানে।
বস্তিতে বসবাসকারী মানুষের তৈরি হস্তশিল্পসামগ্রী, যেমন : মাটির তৈরি জিনিস, জামাকাপড় থেকে শুরু করে নানা ধরনের সামগ্রী থাকবে এই জাদুঘরে।
উল্লেখ্য, ‘স্লামডগ মিলেনিয়ার’ ছবিটি বক্স-অফিসে জনপ্রিয়তা পাওয়ার পর থেকেই মূলত এ বস্তিতে বিদেশি পর্যটকের আনাগোনা বাড়ছে। সেসব পর্যটকের কাছে বস্তির মানুষের সৃজনশীলতাকে তুলে ধরতে এই অভিনব বস্তি জাদুঘরের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানা গেছে।

কলকাতা সংবাদদাতা