লেবাননের ঐতিহাসিক বেউফোর্ট দুর্গ দখল করল ইসরায়েল
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বেউফোর্ট ক্যাসেল দুর্গ দখলের দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। এ ঘটনাকে ইসরায়েলের লেবানন অভিযানকে নতুন পর্যায়ে নেওয়ার ‘নির্ণায়ক পরিবর্তন’ হিসেবে উল্লেখ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
ইসরায়েলি বাহিনী এখন লিটানি নদী অতিক্রম করে লেবাননের আরও গভীরে এগিয়ে যাচ্ছে। একই সঙ্গে দক্ষিণ লেবাননের বিস্তীর্ণ এলাকায় নতুন করে জনগণকে সরিয়ে নেওয়ার নির্দেশ জারি করেছে ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ)। খবর বিবিসির।
স্থানীয় সময় রোববার (৩১ মে) এক বিবৃতিতে নেতানিয়াহু বলেন, বেউফোর্ট দুর্গ দখল ইসরায়েলের নিরাপত্তা নীতিতে একটি ‘নির্ণায়ক ধাপ’। তিনি বলেন, আমরা ভয় ভেঙে উদ্যোগ নিয়েছি এবং সিরিয়া, গাজা ও লেবানন—সব ফ্রন্টে অভিযান চালাচ্ছি।
প্রায় ৯০০ বছর আগে ক্রুসেডারদের নির্মিত বেউফোর্ট দুর্গটি দক্ষিণ লেবাননের লিতানি উপত্যকার ওপর অবস্থিত। ১৯৮২ সালে প্রথম লেবানন যুদ্ধে ইসরায়েল এই দুর্গ দখল করলেও ২০০০ সালে দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহারের সময় এটি ছেড়ে দেয়।
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেন, দুর্গ ও এর আশপাশের উঁচু এলাকা নিয়ন্ত্রণে নেওয়া সীমান্তবর্তী ইসরায়েলি বসতিগুলোর নিরাপত্তা জোরদারে সহায়ক হবে।
অন্যদিকে লেবাননের প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম ইসরায়েলের অভিযানের নিন্দা জানিয়ে একে ‘পুড়িয়ে দেওয়ার নীতি’ এবং ‘সমষ্টিগত শাস্তি’ বলে আখ্যা দিয়েছেন। তিনি অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানান।
ইসরায়েলের সাম্প্রতিক সামরিক তৎপরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেন, দক্ষিণ লেবাননে চলমান বড় ধরনের সামরিক উত্তেজনার কোনো যৌক্তিকতা নেই।
এদিকে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় শহর টায়ারের একটি হাসপাতালের কাছে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১৩ জন হাসপাতালকর্মী আহত হয়েছেন এবং স্থাপনাটির ব্যাপক ক্ষতি হয়েছে।
ইসরায়েল দাবি করছে, ইরান-সমর্থিত হিজবুল্লাহ তাদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা বাড়িয়ে দেওয়ায় এই অভিযান জোরদার করা হয়েছে। অন্যদিকে হিজবুল্লাহ ও লেবানন সরকার বলছে, ইসরায়েলের হামলাই চলমান যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন।
লেবাননের কর্মকর্তাদের মতে, চলমান সংঘাতে এখন পর্যন্ত দেশটিতে ৩ হাজার ৩০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। অন্যদিকে ইসরায়েল জানিয়েছে, সংঘর্ষে তাদের ২৫ জন সেনা নিহত হয়েছে।

এনটিভি অনলাইন ডেস্ক