রূপ-টাকা-পয়সা নয়, পাত্রীর যে গুণ চান কোটিপতি তরুণ
বছরে আয় ১ কোটি ২৭ লাখ রুপি (বাংলাদেশি টাকায় প্রায় পৌনে ২ কোটি)। ভারতের নামকরা শিক্ষাপ্রতিষ্ঠান আইআইটি থেকে পড়াশোনা শেষ করা ২৬ বছর বয়সী এক তরুণ জীবনসঙ্গী খোঁজার ক্ষেত্রে দিয়েছেন ব্যতিক্রমী এক শর্ত। সম্প্রতি ‘নট ডেটিং’-এর সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী জসবীর সিং সামাজিক যোগাযোগমাধ্যম লিংকডইনে দেওয়া এক পোস্টে তার এক গ্রাহকের অদ্ভুত চাহিদার কথা জানান। পোস্টটি দেওয়ার পরপরই তা অনলাইনে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
যে শর্ত দিয়েছেন তরুণ
পাত্রীর রূপ, বেতন কিংবা পরিবারের টাকা-পয়সা নয়; তরুণের মূল চাওয়া ছিল- মেয়েটিকে অবশ্যই ছোট শহরে বড় হতে হবে ও পরে বড় শহরে এসে নিজের চেষ্টায় সফল ক্যারিয়ার গড়তে হবে।
কেন এমন শর্ত?
জসবীর সিং জানান, ওই তরুণ দ্বাদশ শ্রেণি পর্যন্ত ভারতের একটি ছোট শহরে বড় হয়েছেন। এরপর উচ্চশিক্ষার জন্য বড় শহরে আসেন এবং আইআইটি থেকে পাস করে এখন বছরে ১ কোটি ২৭ লাখ রুপি আয় করছেন। কিন্তু এত সফল হওয়ার পরও মনের মতো জীবনসঙ্গী খুঁজে পেতে তাকে বেশ হিমশিম খেতে হচ্ছে।
এর আগে ওই তরুণ দক্ষিণ দিল্লি ও দক্ষিণ মুম্বাইয়ের বেশ কয়েকজন ধনী পরিবারের মেয়ের সাথে সম্পর্ক গড়ার চেষ্টা করেছিলেন। পড়াশোনা, চাকরি ও আর্থিক অবস্থার দিক থেকে তারা সমান হলেও মনের মিল হচ্ছিল না।
জসবীর সিং জানান, ছোট শহরে বড় হওয়ায় ওই তরুণের জীবনযাপন ছিল আলাদা। বড় শহরের ধনী পরিবারে বড় হওয়া মেয়েদের সঙ্গে তার পছন্দ, খাওয়া-দাওয়া, গানের রুচি এমনকি পরিবার ও সম্পর্ক নিয়ে চিন্তাভাবনারও মিল হচ্ছিল না। পরে তিনি ছোট শহরের মেয়েদের সঙ্গে পরিচিত হওয়ার চেষ্টা করেন। কিন্তু ১০ বছরের বেশি সময় বড় শহরে থাকার কারণে ব্যবসা, প্রযুক্তি ও আধুনিক দুনিয়া নিয়ে তার যে ধারণা তৈরি হয়েছে, ছোট শহরের গণ্ডি না পেরোনো মেয়েদের সঙ্গে সেই গল্পগুলো জমছিল না।
দুই ধরনের পরিবেশের অভিজ্ঞতা থেকে ওই তরুণ নিজেকে ‘দুই জগতের মাঝখানে আটকে পড়া’ মানুষ হিসেবে মনে করেন। পোস্টে বলা হয়েছে, বড় শহরের ধনী মেয়েরা তার বর্তমান অবস্থা বুঝলেও অতীত বুঝতে পারে না; আবার ছোট শহরের মেয়েরা তার অতীত বুঝলেও বর্তমানের সঙ্গে তাল মেলাতে পারে না। এই সমস্যা থেকে বের হতেই তিনি এমন এক পাত্রী খুঁজছেন, যিনি ছোট শহর ও বড় শহর- দুই জগতেরই অভিজ্ঞতা অর্জন করেছেন।
জসবীর সিং জানান, ওই তরুণের কাছে পাত্রীর বেতন বা সৌন্দর্যের চেয়ে জীবনের গল্পের মিলটাই সবচেয়ে বড়। তিনি এমন একজন শিক্ষিত ও স্বাবলম্বী নারীকে চান, যিনি ছোট শহর থেকে উঠে এসে বড় শহরে নিজের পরিচয় তৈরি করেছেন। কারণ, এমন নারীরাই তার ছোটবেলা এবং বর্তমান- দুই সময়কেই সবচেয়ে ভালোভাবে বুঝতে পারবেন।
পোস্টের শেষে জসবীর সিং সবার উদ্দেশে প্রশ্ন রেখেছেন, ‘মনের মিলের জন্য জীবনের অভিজ্ঞতার এই মিল খোঁজা কি ঠিক, নাকি তিনি আসলে নিজেরই মতো আরেকজনকে খুঁজছেন?’

এনটিভি অনলাইন ডেস্ক