ভূমিকম্প নেপালে, কাঁপল বাংলাদেশও
নেপালের কোশি প্রদেশের লেলেপ এলাকার কাছে ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এর কম্পন অনুভূত হয়েছে বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান ও চীনের বিভিন্ন এলাকায়। খবর এনডিটিভির।
প্রাথমিক তথ্য অনুযায়ী, স্থানীয় সময় আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৭টা ২ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এ তথ্য জানিয়েছে।
ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ২৭.৮৫৫ ডিগ্রি উত্তর অক্ষাংশ ও ৮৭.৯০৯ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ২০ কিলোমিটার।
তবে নেপালের ন্যাশনাল আর্থকোয়েক মনিটরিং অ্যান্ড রিসার্চ সেন্টার ভূমিকম্পটির মাত্রা ৫.৬ বলে জানিয়েছে। সংস্থাটির তথ্য অনুযায়ী, এর উৎপত্তিস্থল ছিল তাপলেজুং জেলার ওলাংচুং গোলা এলাকায়, নেপাল-তিব্বত সীমান্তের কাছে। নেপালের সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্ট এ তথ্য জানিয়েছে।
ভারতের পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হয়েছে। এর মধ্যে বিহার, মেঘালয় ও পশ্চিমবঙ্গের কয়েকটি এলাকা রয়েছে। হঠাৎ কম্পনে আতঙ্কিত হয়ে অনেক বাসিন্দা বাড়িঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন।
ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এনটিভি অনলাইন ডেস্ক