এস্তোনিয়াকে ‘প্রকাশ্য যুদ্ধের’ হুমকি রাশিয়ার
ন্যাটোর সদস্য এস্তোনিয়ার বিরুদ্ধে একাধিক ‘শত্রুতামূলক কর্মকাণ্ডের’ অভিযোগ তুলে দেশটির সঙ্গে ‘প্রকাশ্য যুদ্ধের’ হুমকি দিয়েছে রাশিয়া। স্থানীয় সময় সোমবার (২৩ নভেম্বর) রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, এস্তোনিয়া এমন কিছু পদক্ষেপ নিচ্ছে, যা রাশিয়ার সঙ্গে সরাসরি যুদ্ধের পরিস্থিতি তৈরি করতে পারে। খবর আল জাজিরার।
এস্তোনিয়া রাশিয়ার সঙ্গে সীমান্ত বন্ধের ঘোষণা দেওয়ার পর এবং বাল্টিক সাগরে একটি রুশ জাহাজে ইউক্রেনের সন্দেহভাজন ড্রোন হামলার ঘটনার মধ্যে মস্কোর এ হুঁশিয়ারি এলো।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, মস্কোয় নিযুক্ত এস্তোনিয়ার ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মারেক উহতেগিকে তলব করে সীমান্ত বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদ জানানো হয়েছে। এ সময় তাকে বলা হয়, এ ধরনের উসকানিমূলক ও বিপজ্জনক পদক্ষেপ রাশিয়ার সঙ্গে প্রকাশ্য যুদ্ধের পরিস্থিতি তৈরি করতে পারে।
এস্তোনিয়ার বিরুদ্ধে ‘রুশবিদ্বেষী’ মনোভাবের অভিযোগও তুলেছে মস্কো। রুশ মন্ত্রণালয়ের দাবি, উত্তর-পশ্চিম রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলার জন্য এস্তোনিয়া নীরবে নিজেদের আকাশসীমা ব্যবহারের সুযোগ দিচ্ছে। তবে তাল্লিন এ অভিযোগ দ্রুত নাকচ করেছে।
এ ছাড়া বাল্টিক সাগরে রুশ কার্গো জাহাজ চলাচলে বাধা দেওয়া, রাশিয়া ও বেলারুশের শস্য পরিবহন নিষিদ্ধ করা, রুশ ভাষা নিষিদ্ধের উদ্যোগ এবং রুশ অর্থোডক্স চার্চ বন্ধের হুমকি দেওয়ার অভিযোগও তুলেছে মস্কো।
বিবৃতিতে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, নিজেদের জাতীয় স্বার্থ ও নাগরিকদের অধিকার রক্ষায় প্রয়োজনীয় রাজনৈতিক ও কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার অধিকার মস্কো সংরক্ষণ করে।
এস্তোনিয়ায় উল্লেখযোগ্যসংখ্যক জাতিগত রুশ জনগোষ্ঠীর বসবাস। তাদের সঙ্গে বৈষম্য করা হচ্ছে বলে মস্কো দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে। ২০১৪ সালে পূর্ব ইউক্রেনে রুশ হস্তক্ষেপের সময়ও রুশভাষীদের অধিকার দমনের অভিযোগ তুলেছিল রাশিয়া।
চলতি মাসের শুরুতে এস্তোনিয়া জানায়, আগামী ১ ডিসেম্বর থেকে রাশিয়ার সঙ্গে সীমান্তের কয়েকটি ক্রসিং অন্তত ছয় মাসের জন্য বন্ধ রাখা হবে। দেশটির অভিযোগ, রুশ নিরাপত্তা সংস্থাগুলো এস্তোনিয়ার একটি প্রতিরক্ষা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগের চেষ্টা করেছিল।
এস্তোনিয়ার এ সিদ্ধান্তে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। ইউক্রেনের মিত্র এস্তোনিয়ার দাবি, ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে মস্কো তাদের বিরুদ্ধে বৃহত্তর শত্রুতামূলক কর্মকাণ্ড চালাচ্ছে। তবে অগ্নিসংযোগের ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে রাশিয়া।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, সীমান্ত বন্ধের সিদ্ধান্তের নেতিবাচক প্রভাব শুধু এস্তোনিয়ার ওপর নয়, ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর মিত্রদের ওপরও পড়বে।
এদিকে এস্তোনিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় রাশিয়ার সব অভিযোগের জবাব না দিলেও ইউক্রেনের সামরিক অভিযানে নিজেদের ভূখণ্ড ব্যবহারের সুযোগ দেওয়ার অভিযোগ অস্বীকার করেছে।
এক বিবৃতিতে দেশটির মন্ত্রণালয় বলেছে, অন্য কোনো দেশের সামরিক অভিযানের জন্য এস্তোনিয়া কখনোই নিজেদের ভূখণ্ড ব্যবহার করতে দেয়নি এবং ভবিষ্যতেও দেবে না।
বাল্টিক অঞ্চলের ন্যাটো সদস্য দেশগুলো ইউক্রেনের ড্রোনকে নিজেদের আকাশসীমা ব্যবহারের অনুমতি দেওয়ার অভিযোগও অস্বীকার করেছে। ইউক্রেনের ড্রোন একাধিকবার ন্যাটোর আকাশসীমায় প্রবেশ করলেও কিয়েভের দাবি, রাশিয়ার সিগন্যাল জ্যামিংয়ের কারণে এমন ঘটনা ঘটছে। ন্যাটো দেশগুলো এ ধরনের অনুপ্রবেশের জন্য রাশিয়াকে দায়ী করেছে।
বার্লিনে এক বক্তব্যে ন্যাটো মহাসচিব মার্ক রুটে বলেন, এস্তোনিয়ার পরিস্থিতি এবং গত সপ্তাহে পোল্যান্ডে রুশ ক্ষেপণাস্ত্র প্রবেশের ঘটনাসহ আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে জোট। সামরিক ক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী প্রতিরোধ ও প্রতিরক্ষা ব্যবস্থা পর্যালোচনা এবং হালনাগাদ করা হবে বলেও জানান তিনি।

এনটিভি অনলাইন ডেস্ক