মহাকাশে যাচ্ছেন পাকিস্তানের প্রথম নভোচারী
মহাকাশ অভিযানে নতুন এক অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছে পাকিস্তান। দেশটির প্রথম নভোচারী মুহাম্মদ জিশান আলী আগামীকাল বুধবার (২৫ নভেম্বর) চীনের শেনঝো-২৪ মহাকাশযানে চড়ে চীনের তিয়ানগং মহাকাশ স্টেশনে যাওয়ার কথা রয়েছে। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো কোনো মনুষ্যবাহী মহাকাশ অভিযানে অংশ নিতে যাচ্ছে পাকিস্তান। খবর জাগো নিউজের।
আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) উৎক্ষেপণ-পূর্ব এক সংবাদ সম্মেলনে চায়না ম্যানড স্পেস এজেন্সি (সিএমএসএ) এই তথ্য জানিয়েছে। সংস্থাটির ঘোষণা অনুযায়ী, আগামীকাল ২৫ নভেম্বর বেইজিং সময় সকাল ৮টা ১৮ মিনিটে (পাকিস্তান সময় ভোর ৫টা ১৮ মিনিট) উত্তর-পশ্চিম চীনের জিউকুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে লং মার্চ-২এফ রকেটে করে শেনঝো-২৪ মহাকাশযানটি উৎক্ষেপণ করা হবে।
এই অভিযানে মুহাম্মদ জিশান আলী পেলোড স্পেশালিস্ট হিসেবে দুই চীনা নভোচারী তাং হংবো ও উ ই-এর সঙ্গে যোগ দেবেন। তাং হংবো এই অভিযানের কমান্ডার এবং উ ই ফ্লাইট ইঞ্জিনিয়ার হিসেবে দায়িত্ব পালন করবেন। মুহাম্মদ জিশান আলী শুধু প্রথম পাকিস্তানি হিসেবে মহাকাশে যাওয়াই নন, বরং চীনের তিয়ানগং মহাকাশ স্টেশনে যাওয়া প্রথম বিদেশি নভোচারীও হতে যাচ্ছেন।
পাকিস্তানের মহাকাশ গবেষণা সংস্থা স্পার্কোর (সুপারকো) তথ্যানুযায়ী, কক্ষপথে প্রায় এক সপ্তাহ অবস্থান শেষে শেনঝো-২৩ মহাকাশযানে চড়ে পৃথিবীতে ফিরে আসবেন জিশান আলী। তিয়ানগং স্টেশনে অবস্থানকালে তিনি জীববিজ্ঞান, চিকিৎসা ও মাইক্রোগ্রাভিটি বিজ্ঞানসহ বিভিন্ন বিষয়ে চারটি পাকিস্তানি গবেষণা পেলোড নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাবেন।
এর আগে বেইজিংয়ের অ্যাস্ট্রোনট সেন্টার অব চায়নায় কয়েক মাস ধরে প্রশিক্ষণ নেন দুই পাকিস্তানি প্রার্থী মুহাম্মদ জিশান আলী ও খুররম দাউদ। তাদের মধ্য থেকে মূল ফ্লাইটের জন্য জিশান আলীকে চূড়ান্ত করা হয়েছে।

এনটিভি অনলাইন ডেস্ক