পুলিশকে সেলফি পাঠালেন ‘ওয়ান্টেড’ অপরাধী
মাতাল অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ থাকা একজনকে খুঁজছে পুলিশ। গেল সপ্তাহে ওই ব্যক্তির ছবি ফেসবুকে প্রকাশ করে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়। কিন্তু পরোয়ানার জন্য যে ছবিটি প্রকাশ করা হয়েছে, তা ভীষণ অপছন্দ হয় ওই ‘ওয়ান্টেড’ ব্যক্তির। ফেসবুকজুড়ে এমন ছবি ছেপে তাঁকে খোঁজা হবে, এটা তিনি কিছুতেই মেনে নিতে পারছিলেন না। তাই নিজেই উদ্যোগী হয়ে পুলিশের কাছে পাঠালেন সেলফি। সেই সেলফি প্রকাশ করে তাঁকে যেন খোঁজা হয়, সেই দাবিও জানিয়েছেন পুলিশের কাছে।
অদ্ভুত এই ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যে।
ওহাইও পুলিশের ফেসবুক পেজে নিজের সেলফি পোস্ট করেছেন ‘ওয়ান্টেড’ তালিকায় থাকা ডোনাল্ড পিউগ (৪৫)। সেই ছবিতে দেখা যাচ্ছে, ধূসর রঙের একটি কোট পরে, চোখে সানগ্লাস দিয়ে গাড়ি চালাচ্ছেন পিউগ। ছবির সঙ্গে তিনি লেখেন, ‘যে ছবিটা আপনারা ব্যবহার করছেন তা ভয়ানক, এই দিলাম আমার ভালো ছবি।’
রয়টার্স-এর খবরে বলা হয়, মাতাল অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে করা একটি মামলায় হাজির না হওয়ায় গত সপ্তাহে ওহাইওর একটি আদালত পিউগের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এ ছাড়া তাঁর বিরুদ্ধে অগ্নিসংযোগ, ভাঙচুরসহ বিভিন্ন অপরাধের অভিযোগ আছে। গ্রেপ্তারি পরোয়ানা জারির পর ওহাইও পুলিশ তাঁদের ফেসবুক পেজের ওয়ান্টেড তালিকায় পিউগের ছবি প্রকাশ করে। আর সেই ছবি দেখে পছন্দ না হওয়ার নিজের ‘সুন্দর’ ছবি তুলে পাঠান পিউগ।
পুলিশের ফেসবুক পেজে ছবি পোস্ট করার পর পিউগকে গ্রেপ্তারের বিষয়ে দ্রুত মনোযোগী হয় ওহাইও পুলিশ। পিউগ এই ছবি পোস্ট করার মাধ্যমে উল্টো পুলিশকে সহায়তা করেছেন বলেও মন্তব্য করেন এক কর্মকর্তা।
পরে ফেসবুকের সহায়তা নিয়ে গতকাল মঙ্গলবার সকালে ফ্লোরিডার সেঞ্চুরি এলাকা থেকে পিউগকে গ্রেপ্তার করা হয়। আর এই গ্রেপ্তারের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমকে ধন্যবাদ জানিয়েছে ওহাইও পুলিশ।

অনলাইন ডেস্ক