স্ত্রীর অস্বাভাবিক মৃত্যু হলে স্বামী সম্পত্তি পাবে না
বিয়ের সাত বছরের মধ্যে স্ত্রীর অস্বাভাবিক মৃত্যু হলে তাঁর সম্পত্তি পাবেন না ভারতীয় স্বামীরা। এ ক্ষেত্রে মৃত স্ত্রীর সম্পত্তির অধিকারী হবে তাঁর সন্তানরা। আর সন্তান যদি না থাকে তাহলে ওই নারীর অভিভাবকরা সম্পত্তি পাবেন। ভারতের সংবিধানের ‘স্ত্রীর ধন’ সংক্রান্ত অনুচ্ছেদের ব্যাখ্যা দিয়ে দেশটির সুপ্রিম কোর্ট আজ বৃহস্পতিবার এই রায় দিয়েছেন।
এনডিটিভি জানায়, ভারতের সুপ্রিম কোর্টে পণপ্রথা সংক্রান্ত একটি মামলার শুনানির সময় দেশটির প্রধান বিচারপতি টি এস ঠাকুরের ডিভিশন বেঞ্চ এই রায় দিয়েছেন। ওই রায়ে সুপ্রিম কোর্ট জানান, স্ত্রীর অস্বাভাবিক মৃত্যু হলে এর তিন মাসের মধ্যে স্বামীকে যৌতুক হিসেবে পাওয়া যাবতীয় সম্পত্তি ফেরত দিতে হবে। অনাদায়ে দুই বছরের সশ্রম কারাদণ্ডের রায় দিয়েছেন ডিভিশন বেঞ্চ।
বিয়ের ১৫ মাসের মধ্যে স্ত্রীর অস্বাভাবিক মৃত্যুর একটি মামলার রায় দিতে গিয়ে আজ সংবিধানের ‘স্ত্রীর ধন’ সংক্রান্ত অনুচ্ছেদ তুলে ধরেন প্রধান বিচারপতি। এই অনুচ্ছেদের ব্যাখ্যায় শীর্ষ আদালত বলেছেন, বিয়ের সময় স্ত্রীর বাড়ি থেকে দেওয়া যৌতুক ও উপহার ‘স্ত্রীর ধন’ হিসেবেই গণ্য করা হবে। এতে স্বামী বা শ্বশুরবাড়ির কোনো অধিকার থাকবে না।

অনলাইন ডেস্ক