শক্তিশালী ভূমিকম্পে কাঁপল পেরু, নিহত ৫
পেরুর আন্দিজ অঞ্চলে আঘাত হানা ৫ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত পাঁচজন নিহত হয়েছেন বলে দেশটির সরকারি কর্মকর্তারা নিশ্চিত করেছেন। স্থানীয় সময় শনিবার (১৮ জুলােই) রাতে প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলে এই ভূকম্পন অনুভূত হয়। খবর বার্তা সংস্থা এএফপির।
পেরুর জিওফিজিক্স ইনস্টিটিউট জানিয়েছে, রাজধানী লিমা থেকে প্রায় ৩০০ কিলোমিটার (১৮০ মাইল) পূর্বে অবস্থিত চংগোস বাজো শহরকে লক্ষ্য করে এই কম্পন আঘাত হানে।
ভূমিকম্পের তীব্রতায় চংগোস বাজো ও আশপাশের এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আরও অন্তত ২১ জন আহত হয়েছেন। উদ্ধারকারী দলগুলো ইতোমধ্যে উপদ্রুত এলাকায় পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেছে। আহতদের স্থানীয় হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
পেরুর জিওফিজিক্স ইনস্টিটিউটের দেওয়া তথ্য অনুযায়ী, ভূপৃষ্ঠ থেকে এই ভূমিকম্পটির উৎপত্তিস্থল বা উপকেন্দ্রের গভীরতা ছিল প্রায় ২৪ কিলোমিটার (১৫ মাইল)। গভীরতা কম হওয়ায় ভূপৃষ্ঠে ঝাঁকুনির তীব্রতা বেশি ছিল, যার ফলে মাটির বাড়িঘরের ব্যাপক ক্ষতি হয়েছে। স্থানীয় প্রশাসন দুর্গত এলাকায় জরুরি সহায়তা ও ত্রাণ পাঠানোর কাজ শুরু করেছে।

এনটিভি অনলাইন ডেস্ক