চলন্ত স্কুলবাসে ৪ বছরের ছাত্রীকে ধর্ষণ
ভারতে ধর্ষণের ঘটনা যেন থামছেই না। গত বুধবার দিল্লির রাস্তায় এক চল্লিশোর্ধ নারীকে ধর্ষণের পর চলন্ত স্কুলবাসে চার বছরের এক নার্সারির ছাত্রীকে ধর্ষণের ঘটনা উঠে এসেছে দেশটির সংবাদমাধ্যমে।
ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের উজ্জয়নী শহরে গতকাল বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে। বাসের মধ্যে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে চালকের সহকারীকে।
মধ্যপ্রদেশের পুলিশের বরাতে টাইমস অব ইন্ডিয়া জানায়, গ্রেপ্তারকৃত স্কুলবাসের চালকের সহকারীর নাম মহেশ বাগওয়ান। ৩৯ বছর বয়সী মহেশ চলন্ত বাসের মধ্যে চার বছরের শিশুটিকে ধর্ষণের কথা স্বীকার করেছেন।
পুলিশের বরাতে সংবাদমাধ্যমটি জানায়, স্কুলবাসের সবাই নেমে গেলে মহেশ নার্সারি পড়ুয়া ছাত্রীটিকে ধর্ষণ করেন। এরপর ছাত্রীকে বাড়িতে নামিয়ে বাস নিয়ে চলে যান।
এরপর বিকেলে শিশুটির আচরণে অস্বাভাবিকতা লক্ষ করে তার মা কারণ জানতে চাইলে শিশুটি সব জানায়। সঙ্গে সঙ্গে শিশুর অভিভাবক মিলে থানায় গিয়ে মহেশের নামে ধর্ষণের মামলা দায়ের করেন।
প্রথমে পালানোর চেষ্টা করলেও গতকাল সন্ধ্যায় ধরা পড়ে যান মহেশ। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় বাসের চালকের ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে। এ ছাড়া শিশুটিকে ডাক্তারি পরীক্ষা করে বিশেষ নিরাপত্তা হেফাজতে পাঠানো হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

অনলাইন ডেস্ক