বড় কর্তাকে বহন করে ফিটনেস পরীক্ষা!
অতিরিক্ত ওজনের ব্যক্তিদের প্রায়ই নানা রকমের সমস্যার মুখোমুখি হতে হয়। শারীরিক বিভিন্ন সমস্যা তো আছেই তার ওপর গোদের ওপর বিষফোঁড়া হয়ে তৈরি হয় নানা ধরনের কটূক্তি। তবে শুধু ওজন বেশি হওয়ার শাস্তি হিসেবে নিজের বড়কর্তাকে ঘাড়ে নিয়ে গোটা মাঠ চক্কর দেওয়ার ঘটনা সম্ভবত এবারই প্রথম ঘটেছে।
ভারতের উধাম সিং নগর জেলায় গত রোববার এই ঘটনা ঘটেছে। তাও খোদ পুলিশ বাহিনীর ভেতরে। ৯৭ কেজি ওজনের পুলিশ কনস্টেবল মনোজ কুমারকে থানায় ডেকে এনে স্বাস্থ্য পরীক্ষার নামে ঊর্ধ্বতন এক কর্মকর্তাকে ঘাড়ে নিয়ে পুলিশ লাইনের মাঠে দৌড়াতে বাধ্য করা হয়েছে।
ছবিতে দেখা যায়, কুনদা থানার কনস্টেবল মনোজ পান্ত নগর থানার স্টেশন অফিসার আর সি মাখোলিয়াকে ঘাড়ে নিয়ে দৌড়াচ্ছেন।
এই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়লে এ নিয়ে শুরু হয় আলোচনা-সমালোচনা। পরে বিষয়টি নিয়ে একটি বিবৃতি প্রকাশ করে জেলা পুলিশ। সেখানে বলা হয়েছে, ‘কনস্টেবল পদটি পুলিশ বিভাগের মেরুদণ্ডের মতো। একজন কনস্টেবলকে জনসম্মুখে অপমান করা মোটেও সঠিক কাজ নয়।’
বিষয়টির যথাযথ তদন্তের নির্দেশ দিয়েছেন উত্তরাখণ্ড প্রদেশের পুলিশ মহাপরিচালক বি এস সিধু। টাইমস অব ইন্ডিয়াকে তিনি বলেন, ওই কনস্টেবলকে হয়রানি করা হয়েছে এমন প্রমাণ পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে জানতে চাইলে উধাম সিং নগর জেলার সহকারী পুলিশ সুপার কেভার খুরানা বলেন, এটা শুধু একটা সাধারণ স্বাস্থ্য পরীক্ষা ছিল। আমরা আশা করি যে দায়িত্বপালনরত সব কনস্টেবল শারীরিকভাবে সুস্থ ও সবল থাকবেন। তিনি আরো বলেন, ‘কেদারনাথ দুর্ঘটনার পর দেখা গেছে জরুরি অবস্থায় অনেক অসুস্থ মানুষকে ঘাড়ে করে নিয়ে আসতে হয় পুলিশ সদস্যদের। জরুরি অবস্থায় পুলিশ সদস্যদের কাছ থেকে এমন সেবা আশা করা হয়। যদি একজন পুলিশ সদস্য নিজেই সবল না থাকেন তাহলে তিনি অন্যদের বিপদে কীভাবে সাহায্য করবেন?’
এই ধরনের পরীক্ষা নিয়মিতই পুলিশ বিভাগে করা হয় বলেও জানান খুরানা। তিনি আরো জানান, এই ধরনের অতিরিক্ত ওজন সমস্যা যাদের আছে সেসব পুলিশ কনস্টেবলকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে চলে যেতে এবং ওজন কমাতে বলা হয়।

অনলাইন ডেস্ক