ভারতের ভাগ্য নিয়ে ভবিষ্যদ্বাণী
এশিয়া কাপের ফাইনালে কে জিতবে- বাংলাদেশ না ভারত তা এখনো অনিশ্চিত। তবে এরই মধ্যে ভারতের এক জ্যোতিষী সতর্ক করে দিলেন মহেন্দ্র সিং ধোনির দলকে।
জ্যোতিষশাস্ত্র মতে, আজকের ফাইনালে ভারত জিতলে তা হবে অমঙ্গলজনক! এশিয়া কাপ জিতে নিলে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার সম্ভাবনা কমে যাবে ভারতের।
ভারতেরই একটি সংবাদমাধ্যমে এমন ভবিষ্যদ্বাণীই প্রকাশ করা হয়েছে।
এতে বলা হয়েছে, ফাইনালে স্পষ্টতই ভারত ফেবারিট। এশিয়া কাপ জিতলে নিজ দেশে আয়োজিত টি-টোয়েন্টি বিশ্বকাপেও ব্যাপক আত্মবিশ্বাসী থাকবে ভারত। কিন্তু জ্যোতিষশাস্ত্র যে অন্য কথা বলছে। এই টুর্নামেন্ট জিতলে মহেন্দ্র সিংহ ধোনির কপালে খারাপ সময় নাচছে। পদ্মাপারে রোববার খেতাব জিতলে ঘরের মাঠে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ হাতছাড়া হয়ে যেতে পারে ভারতের। কারণ ধোনি সাফল্যের শিখরে অনেক আগেই পৌঁছে গিয়েছেন। ২০১১-তে ঘরের মাঠে বিশ্বকাপ জিতেছেন। ২০১০, ২০১১ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হয়েছেন। ২০১৩-তে চ্যাম্পিয়ন্স ট্রফি ও ২০১৪-তে চ্যাম্পিয়ন্স লিগ জেতার নজির রয়েছে ধোনির। সেই ধোনির ইদানীং সময়টা ভালো যাচ্ছে না। অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি সিরিজ ছাড়া কিছুই জিততে পারেননি। ফলে এশিয়া কাপ যদি ভারত জিতে নেয়, তাহলে যে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতবেই এমন কোনো গ্যারান্টি নেই। বরং ঘরের মাঠে বিশ্বকাপ জেতার সম্ভাবনা কমে যাবে কোহলিদের, বলছে জ্যোতিষশাস্ত্র।
এবারই প্রথম টি-টোয়েন্টি ফরম্যাটে এশিয়া কাপ অনুষ্ঠিত হচ্ছে। কিছুদিন আগেই অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে ওই ফরম্যাটের সিরিজে হারিয়েছে ভারত। অন্যদিকে মাশরাফির নেতৃত্বে বদলে যাওয়া বাংলাদেশও শ্রীলঙ্কা ও পাকিস্তানকে হারিয়ে আত্মবিশ্বাস নিয়ে ফাইনালে নামছে।

অনলাইন ডেস্ক