ভারতে ভিক্ষুক জিতল ৬৫ লাখ রুপি
অত্যন্ত গরিব থেকে লটারি জিতে কোটিপতি—গল্প-উপন্যাসেই এমনটি দেখা যায়। তবে ভারতে বাস্তবেই এমন ঘটেছে। দেশটির কেরালা রাজ্যের এক ভিক্ষুক একদিনেই অর্ধ কোটিপতি হয়েছেন। শারীরিক প্রতিবন্ধী এই ব্যক্তি গত বৃহস্পতিবার কেরালা রাজ্যের সরকারি লটারিতে ৬৫ লাখ রুপি জিতেছেন।
এনডিটিভি জানিয়েছে, অন্ধ্রপ্রদেশ থেকে জীবিকার টানে কেরালা যান ৩৫ বছর বয়সী ভিক্ষুক পুন্যাইয়া। প্রায়ই লটারি কিনতেন তিনি। ৬৫ লাখ রুপি জেতার পাশাপাশি আরো কিছু পুরস্কার জিতেছেন পুন্যাইয়া। তবে বাকি পুরস্কারগুলোর মোট মূল্য ৯০ হাজার রুপি।
পুন্যাইয়া অন্ধ্রপ্রদেশে রাজমিস্ত্রির কাজ করতেন। দুর্ঘটনায় একটি পা হারান তিনি। স্ত্রী ও তিন সন্তানের সংসার খরচ জোগাড় করতে বাধ্য হয়ে ভিক্ষা শুরু করেন পুন্যাইয়া। কেরালার পুলিশ জানিয়েছে, বিভিন্ন স্থানে ভিক্ষা করে মার্থানদাম বাসস্ট্যান্ডে ঘুমাতেন পুন্যাইয়া।
গতকাল শুক্রবার পুলিশের মাধ্যমে পুরস্কার জেতার খবর পান পুন্যাইয়ার বাবা ও ভাই। পুরস্কার নেওয়ার সব কাজ সম্পন্ন হলে কেরালা থেকে তাঁকে অন্ধ্রপ্রদেশে নিয়ে যাওয়া হবে।
প্রতি মাসে ব্যাংকের মাধ্যমে ভিক্ষার টাকা পরিবারের কাছে পাঠাতেন পুন্যাইয়া। ওই ব্যাংক থেকেই তিনি রাজ্যের সরকারি লটারির টিকেট কেনেন। স্থানীয় লটারির এজেন্টই প্রথম বুঝতে পারেন পুন্যাইয়া পুরস্কার জিতেছেন। ওই এজেন্ট পুন্যাইয়াকে খুঁজে বের করেন এবং লটারি জেতার খবর জানান। পরে তাঁকে নিরাপত্তার জন্য থানায় নিয়ে যাওয়া হয়। পরে পুলিশই পুন্যাইয়াকে স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার শাখায় নিয়ে যায়। সেখানে লটারির টাকা পাওয়ার জন্য প্রয়োজনীয় কাজ সম্পন্ন করা হয়।
গত বছর কেরালা রাজ্যের লটারিতে এক কোটি রুপি জেতেন পশ্চিমবঙ্গের ২২ বছর বয়সী এক যুবক। পুন্যাইয়ার মতো তিনিও জীবিকার প্রয়োজনে কেরালা গিয়েছিলেন।

অনলাইন ডেস্ক