বিজেপি মানে ভয়ঙ্কর জালি পার্টি : মমতা
ভারতীয় জনতা পার্টিকে (বিজেপি) ভয়ঙ্কর জালি (ভেজাল) পার্টি হিসেবে আখ্যা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, বি ফর ভয়ঙ্কর, জে ফর জালি, পি ফর পার্টি। অর্থাৎ বিজেপি মানে ভয়ঙ্কর জালি পার্টি।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তৃণমূল কংগ্রেস সরকারকে সন্ত্রাস, মৃত্যু ও দুর্নীতির সরকার বলে আখ্যা দেওয়ার একদিন পর গতকাল শুক্রবার বিকেলে বার্নপুরের এক জনসভায় মমতা বিজেপিকে এই আখ্যা দিলেন। গত বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার মাদারিহাটে বিজেপির নির্বাচনী প্রচাণায় এসে মোদি তৃণমূল কংগ্রেস সম্পর্কে ওই মন্তব্য করেছিলেন।
মমতা বলেন, ‘উনি প্রধানমন্ত্রীর চেয়ারের লজ্জা। ওই চেয়ারের অমর্যদা করছেন উনি।’ তিনি মোদিকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘সাহস থাকা ভালো, কিন্তু দুঃসাহস থাকা ভালো নয়।’
মোদি বিচ্ছিন্নতবাদীদের নিয়ে বাংলা ভাগ করার চক্রান্ত করছেন বলে অভিযোগ করে মমতা বলেন, ‘আপনি মুখে এখন লাগাম টানুন। কুকুরের কাজ হলো মানুষকে কামড়ানো, কিন্তু কুকুরকে কামড়ানো মানুষের শোভা পায় না।’
মমতা দাবি করেন, ‘আমরা পরস্পরকে সম্মান করি। ব্যক্তিগতভাবে কোনো দলের নেতাদেরই আক্রমণ করি না। কিন্তু মোদি বাংলায় এসে আজেবাজে কথা বলে যাচ্ছেন। যা শুনে লজ্জা লাগছে আমাদের। প্রধানমন্ত্রীর চেয়ারে বসে ওসব কথা শোভা পায় না।’ তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর চেয়ারে বসে এমন কথা বলা উচিত নয়, যাতে ফেডারেল সিস্টেম ভেঙে পড়ে।’
মমতা মোদির উদ্দেশে বলেন, ‘আপনি তো সাংঘাতিক লোক মশাই। দেশটাকে বিক্রি করে দেবেন। এখন এসেছেন বাংলাটাকে ভাগ করতে! বিচ্ছিন্নতাবাদীদের নিয়ে সভা করে পশ্চিমবঙ্গের পাহাড়কে ভাগ করার পাঁয়তারা করছেন। আপনার হাতে ক্ষমতা আছে, আমাকে জেলে ভরতে পারেন। কিন্তু জেনে রাখবেন, আমি কাউকে ভয় পাই না। মৃত্যুই আমাকে ভয় পায়। আজ বাংলার সর্বনাশ করে জ্ঞানদাতা সেজেছেন। আসলে তৃণমূল থাকলে আপনার গদি টলমলে হয়ে যাবে। তাই আপনি আজ তৃণমূলকে ভয় পাচ্ছেন। আপনি আমাদের কন্যাশ্রী প্রকল্পের টুকলি করেছেন। অথচ আজ বাংলার উন্নয়ন চোখে দেখতে পাচ্ছেন না।’ এ সময় মমতা মোদিকে চোখের ছানি কাটিয়ে আসার পরামর্শও দেন।

কলকাতা সংবাদদাতা