বাংলার গণতন্ত্র বাঁচাতে জেলে যেতেও প্রস্তুত : লকেট
টালিউড অভিনেত্রী লকেট চট্টোপাধ্যায় বলেছেন, বাংলার গণতন্ত্র বাঁচানোর জন্য জেলে যেতেও আমি প্রস্তুত। আমার বিরুদ্ধে দায়ের হওয়া মামলা নিয়ে আমি ভাবি না।
ভোট চলাকালে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ তাঁর বিরুদ্ধে হওয়া মামলার প্রতিক্রিয়ায় লকেট এ কথা বলেছেন। তিনি বীরভুম জেলার ময়ূরেশ্বর কেন্দ্রের বিজেপির প্রার্থী ছিলেন।
গত রোববার পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফা ভোটে বীরভুম জেলার ময়ূরেশ্বরের একটি ভোটকেন্দ্রে ঢুকে কারচুপি অভিযোগে প্রিসাইডিং কর্মকর্তাকে ধমক দেন লকেট। আঙুল উঁচিয়ে ওই প্রিসাইডিং কর্মকর্তাকে হুঁশিয়ার করেন। এ সময় টেবিল চাপড়ে লকেট ওই প্রিসাইডিং কর্মকর্তাকে বলেন, ‘আপনারা বাংলাকে ধ্বংস করছেন। লজ্জা করে না? আমাদের কাছে কারচুপির প্রমাণ আছে। আপনাদের দেখাব না। মোবাইলে তোলা সেই ছবি দিল্লিতে পাঠিয়ে দেব।’
লকেট দাবি করেন, ওইদিন সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে বুথের ভিতর কারচুপি হয়েছে। টিভি চ্যানেলে সেই ছবি দেখানো হয়েছে।
এরপর সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ এনে ওই দিনই লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে ময়ূরেশ্বর থানায় মামলা হয়। আজ মঙ্গলবার সেই মামলা প্রসঙ্গে সংবাদমাধ্যমের কাছে লকেট বলেন, ‘ওই ঘটনার জন্য আমি মোটেই অনুতপ্ত নই। প্রয়োজনে গণতন্ত্র রক্ষার জন্য আমি জেলে যেতেও প্রস্তুত।’

কলকাতা সংবাদদাতা