বর ‘কালো’, বিয়ে ভাঙল দুই বোন!
যৌতুকের দাবির কারণে কনে নিজেই বিয়ে ভেঙে দিয়েছেন -এমন খবর প্রায়ই শোনা যায়। সম্প্রতি হবু শ্বশুরালয়ে শৌচাগার নেই বলে বিয়ে ভেঙে দিয়েছে এক কনে। কিন্তু প্রথমবারের মতো বর ‘কালো’ বলে বিয়ে ভেঙে দিলেন দুই বোন।
বুধবার রাতে ভারতের উত্তরপ্রদেশের আগ্রায় এ ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, আগ্রার ফাতেহাবাদ ব্লকের সিকরারা গ্রামের ওই দুই বোন বরদের শুধু ছবি দেখেছে। তাই তাঁরা বরদের গায়ের রং সম্পর্কে আগে জানতেন না।
ফাতেহাবাদ থানার কর্মকর্তা বিনয় প্রকাশ জানান, একজন বাবা বা সন্ন্যাসীর পরামর্শে মেয়ে দুটির মা তাঁদের বর হিসেবে এই দুই ব্যক্তিকে নির্বাচন করেন। গত বুধবার রাতে বিয়ের আগমুহূর্তে ওই দুই বোন যখন বরদের দেখেন, তখন তাঁরা বিয়ে করতে অসম্মতি জানান। বররা দেখতে অনেক কালো ও বয়স্ক বলে তাঁরা অভিযোগ করেন।
প্রকাশ আরো জানান, পরিবার ও পঞ্চায়েতের চাপেও ওই দুই নারী তাঁদের সিদ্ধান্তে অনড় ছিলেন। অবশেষে বিয়ে না করে ওই দুই ব্যক্তি আশাহত হয়ে আলীগড়ে তাঁদের বাড়িতে ফিরে গেছেন।

অনলাইন ডেস্ক