ডাকাতের হাত থেকে নারীকে বাঁচাল কুকুর
ভারতের নয়া দিল্লিতে ডাকাতের হাত থেকে এক নারীকে বাঁচিয়েছে তাঁর পোষা কুকুর। সম্প্রতি দক্ষিণ দিল্লির আরকে পুরাম এলাকায় এ ঘটনা ঘটেছে।
ডেকান ক্রনিকেল জানিয়েছে, ৫১ বছর বয়স্ক নারীর বাড়িতে এক ব্যক্তি ডাকাতির চেষ্টা করে। আনুমানিক ২৫ বছর বয়স্ক ডাকাত কুরিয়ার বিভাগের কর্মী সেজে বাড়িতে ঢোকে। মালিকের ওপর হামলা দেখে ‘সুগার’ নামের কুকুর এগিয়ে আসে এবং ডাকাতের হাত থেকে ওই নারীকে রক্ষা করে।
ডাকাতের হাত থেকে রক্ষা পাওয়া নারীর স্বামী বলেন, ডাকাতটি কুরিয়ার বিভাগের কর্মী সেজে তাঁদের বাড়িতে উপস্থিত হয় এবং চিঠি আছে বলে জানায়। হঠাৎ করেই ওই ব্যক্তি তাঁর স্ত্রীর তলপেটে লাথি মারেন। ওই সময় তাঁদের পোষা কুকুর সুগার গিয়ে ডাকাতকে কামড়ে ধরে। কুকুরের সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে ডাকাতটি পড়ে যায়। পরে ওই ডাকাত বাড়ির নিচে নেমে যায়। কুকুরটিও তাড়া করতে থাকে। তবে একপর্যায়ে ডাকাতটি পালিয়ে যেতে সক্ষম হয়।
ডাকাতের হামলার শিকার পরিবার সূত্রে জানা যায়, ১১ মাস বয়সী তাঁদের পোষা কুকুর সুগার পরিবারের একজন সদস্যের মতোই।
জানা গেছে, খবর পেয়ে আর কে পুরাম আবাসিক এলাকার চেয়ারম্যান পুলিশকে বিষয়টি জানান এবং অভিযোগ করেন।

অনলাইন ডেস্ক