গঙ্গাস্নানে না, ‘কবর’ খুঁড়ে নারী সাধুর প্রতিবাদ
কুম্ভমেলা উৎসবে গঙ্গার পবিত্র পানিতে নারী অনুসারীদের গোসল করতে না দেওয়ায় ‘কবর’ খুঁড়ে প্রতিবাদ জানিয়েছেন একটি সংগঠনের নেত্রী। গতকাল মঙ্গলবার ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের উজ্জয়ন শহরে এ ঘটনা ঘটে।
বিবিসি জানিয়েছে, পরি আখারা নামের সংগঠনটির সব সদস্য নারী। গত শুক্রবার গঙ্গায় তাঁদের গোসল করতে দেওয়া হয়নি।
এর প্রতিবাদে সংগঠনের নেত্রী মোহন্ত ত্রিকাল ভবন্ত কবর গর্ত খুঁড়ে তাতে প্রবেশ করেন। পরে তাঁর অনুসারীরা গর্তে মুষ্ঠিবদ্ধ মাটি ও ফুল নিক্ষেপ করতে থাকে। ভবন্তের কোমর পর্যন্ত মাটিতে ঢেকে যাওয়ার পর পুলিশ এসে তাঁকে গর্ত থেকে টেনে ওপরে তোলে।
২০০০ সালে পরি আখারা সংগঠনটির সৃষ্টির সময় এর সদস্যরা বৈষম্যের শিকার হয়ে আসছে বলে ভবন্তের অভিযোগ। হিন্দুধর্মের ইতিহাসের এটাই সর্বপ্রথম নারী সংগঠন। তবে পুরুষ সাধুরা সংগঠনটির বিপক্ষে অবস্থান নিয়েছেন। তাঁদের দাবি, প্রাচীনকাল চলে আসার রীতির বিরুদ্ধে নারীরা অবস্থান নিয়েছেন।

ঘটনাস্থল থেকে এএফপি একজন ফটোগ্রাফার বলেন, গঙ্গী নদীতে শাহী স্নানে পুরুষরা যে সুবিধা পান, নারী সাধুরা একই সুবিধার দাবি জানিয়েছেন।
হিন্দুস্তান টাইমসকে ওই ফটোগ্রাফার বলেন, ‘একজন পুরুষ যেটা করতে পারেন, একজন নারীও তা করতে পারবেন বলে দাবি করা হয়েছে।’
সম্প্রতি ভারতের একটি আদালতের রায়ে মন্দিরে নারীদের প্রবেশে নিষেধাজ্ঞা থাকা প্রাচীন প্রথা তুলে দেন। আদালত জানিয়েছেন, মন্দিরে প্রবেশ নারীদের মৌলিক অধিকার।
নারী নেত্রী ভবন্ত বলেন, ‘আমরা কখনোই প্রশাসনকে বলিনি যে আমাদের স্বীকৃতি দিতে হবে। আমরা কেবল কিছু সুবিধা চেয়েছি।’
উজ্জয়ন শহরে হিন্দুধর্মের কুম্ভমেলা উৎসব প্রতি ১২ বছরে একবার অনুষ্ঠিত হয়। যদিও ভারতের অন্য শহরগুলো প্রতি তিন বছরে একবার এ উৎসব হয়।

অনলাইন ডেস্ক