ভারতে কেন্দ্রীয় সেনা অস্ত্রাগারে আগুন, নিহত ১৭
ভারতের কেন্দ্রীয় সেনা অস্ত্রাগারে ভয়াবহ আগুন লেগেছে। এতে ১৭ সেনাসদস্য নিহত হয়েছেন। এর মধ্যে দুই কর্মকর্তাও রয়েছেন। আগুনে আহত হয়েছেন আরো অন্তত ১৯ জন।
ভারতীয় সময় সোমবার দিবাগত রাত দেড়টার দিকে মহারাষ্ট্র রাজ্যের ওয়ার্ধার পুলগাওতে কেন্দ্রীয় সেনা অস্ত্রাগারে এ ঘটনা ঘটে।
জানা গেছে, গতকাল দিবাগত রাতে সেনা অস্ত্রাগারে একটি বিস্ফোরণের ঘটনা ঘটে। সঙ্গে সঙ্গে বিস্ফোরণের আগুন কেন্দ্রীয় অস্ত্রাগারে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নেভানোর চেষ্টা শুরু করেন। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নেভানোর চেষ্টা চলছে। তবে আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে।
এদিকে, কেন্দ্রীয় সেনা অস্ত্রাগারে মজুদ থাকা গোলাবারুদ বিস্ফোরণের আশঙ্কায় আশপাশের অন্তত ছয় থেকে সাতটি গ্রামের প্রায় এক হাজার বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে।
উদ্ধারকাজে যাবতীয় সাহায্যের আশ্বাস দিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ। এ ছাড়া ভারতের কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী মনোহর পরিক্করের ঘটনাস্থল পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে।

কলকাতা সংবাদদাতা