কলকাতায় জমে উঠেছে ঈদবাজার
পশ্চিমবঙ্গের কলকাতায় জমে উঠেছে ঈদবাজার। নানা ডিজাইনের শাড়ি, চুড়িদার, পাঞ্জাবি, শেরোয়ানি, বোরখা, হিজাব তোলা হয়েছে বিভিন্ন শপিং মল ও দোকানগুলো। ঈদের জন্য পছন্দের পোশাক কিনতে শহরের নিউমার্কেট, গড়িয়াহাট, ধর্মতলা, শিয়ালদহ, পার্ক সার্কাসসহ বিভিন্ন স্থানের বস্ত্রপ্রতিষ্ঠানে ভিড় করছে ক্রেতারা।
এবার ঈদে জনপ্রিয় শাড়ি হচ্ছে ‘পি কে’। আমির খানের পি কে ছবির নামে নামকরণ করা এই শাড়ি এরই মধ্যে ক্রেতাদের পছন্দের শীর্ষে রয়েছে। এই শাড়ি দুই হাজার রুপি থেকে শুরু করে পাঁচ হাজার রুপিতে বিক্রি হচ্ছে। এ ছাড়া ঈদ স্পেশাল শাড়ির মধ্যে রয়েছে ‘জয়-আম্বদি’ শাড়ি এবং জরির কাজ করা ‘রেড কুইন’ শাড়ি। যা দেড় হাজার রুপি থেকে শুরু করে সাত হাজার রুপিতে বিক্রি হচ্ছে।

এ ছাড়া এবারের ঈদের বাজারে চুড়িদারের মধ্যে স্পেশাল হচ্ছে ‘পরি’, যা এক হাজার থেকে আড়াই হাজার রুপিতে বিক্রি হচ্ছে। তবে ‘নেট-পাখি’ চুড়িদারের চাহিদাও কম নয়। এই চুড়িদারের বিশেষত্ব হলো, ১৬ মিটার কাপড় দিয়ে তৈরি, যা চার থেকে পাঁচ হাজার রুপিতে বিক্রি হচ্ছে। সেই সঙ্গে ‘জলনূপুর’ চুড়িদার ও ‘মধুবনী’ চুড়িদারের কদরও কম নয়।
পাশাপাশি ঈদবাজারে ছেলেদের জন্য রয়েছে নানা ধরনের শার্ট-প্যান্টের সঙ্গে পায়জামা-পাঞ্জাবিও। এবার ঈদে ‘লুক’ পাঞ্জাবি বাজার মাত করেছে। এ ছাড়া রয়েছে নানা ধরনের ডিজাইনের পাঞ্জাবি। সেই সঙ্গে বাচ্চাদের হরেক রকমের পোশাক এখন চোখ ধাঁধিয়ে দিচ্ছে। নানা ডিজাইনের পোশাকের সঙ্গে বোরখা ও হিজাবও বিক্রি হচ্ছে।
নিউমার্কেটের ব্যবসায়ীরা জানালেন, এবারের ঈদে পশ্চিমবঙ্গের ক্রেতাদের পাশাপাশি অনেক বাংলাদেশিও রয়েছেন। বাংলাদেশ থেকে আসা নারী-পুরুষরা ঈদের কেনাকাটা করছেন। তাই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ক্রেতাদের ভিড়ে কলকাতার ঈদবাজার এখন সরগরম।

কলকাতা সংবাদদাতা