জঙ্গি সন্দেহে হায়দরাবাদে আটক ১১
হায়দরাবাদের বেশ কয়েকটি জায়গায় তল্লাশি চালিয়ে সন্দেহভাজন ১১ জঙ্গিকে আটক করেছে ভারতের জাতীয় তদন্তকারী দল (আইএনএ)।
ভারতে আইএসের কয়েকটি শাখার জঙ্গিরা লুকিয়ে আছে—এমন খবরের ভিত্তিতে আইএনএর গোয়েন্দারা তল্লাশি অভিযান শুরু করেন। অভিযানের ধারাবাহিকতায় আজ বুধবার ভোরে ৫টার দিকে এই ১১ জনকে আটক করা হয়।
আইএনএ জানায়, আটক ব্যক্তিদের সঙ্গে আইএসের যোগাযোগ রয়েছে। তারা হায়দরাবাদের বিভিন্ন জায়গায় হামলা চালানোর ছক কষছিল। এ সময় আটক ব্যক্তিদের কাছ থেকে প্রচুর অস্ত্র, গুলি, বিস্ফোরক তৈরির সরঞ্জাম এবং অর্থ উদ্ধার করা হয়।
গোয়েন্দা কর্মকর্তারা জানান, গোপন তথ্যের ভিত্তিতেই এ অভিযান চালানো হয়। আটক ব্যক্তিরা বিভিন্ন স্থানে জঙ্গি হামলার পরিকল্পনা নিয়েছিল। তাদের প্রাথমিক জেরা করে চাঞ্চল্যকর তথ্য মিলেছে।
আইএনএ সূত্রে আরো জানা যায়, সিরিয়া থেকে আইএস নেতারা আটক ব্যক্তিদের সরাসরি নির্দেশ দিতেন। আইএসের সদস্যদের সঙ্গে যোগাযোগের পাশাপাশি সেখান থেকে অর্থের জোগান দেওয়া হচ্ছিল বলে প্রাথমিকভাবে জানা যায়।
ভারতের নানা প্রান্তে নাশকতা ঘটানোর জন্য হায়দরাবাদের এই ঘাঁটিতে গোলাবারুদের মতো সামগ্রী মজুদ করা হতো বলেও আইএনএ সূত্রে জানা যায়।

কলকাতা সংবাদদাতা