কলকাতায় রথযাত্রার উদ্বোধন করলেন মমতা
হিন্দু সম্প্রদায়ের রথযাত্রা আজ। সেই উপলক্ষে ভারতের বিভিন্ন স্থানে আয়োজন করা হয় রথযাত্রার।
হিন্দু সম্প্রদায়ের পৌরাণিক মতে, এদিন সুভদ্রা ও বলরামকে সঙ্গে নিয়ে রথে চড়ে জগন্নাথের মাসির বাড়ি যাত্রা করেন।
এদিন কলকাতায় ইসকনের রথযাত্রার দড়ি টেনে উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রথে উঠে জগন্নাথ দেবের আরতিও করেন তিনি।
এদিন ইসকনের রথযাত্রায় আরো উপস্থিত ছিলেন টলিউড তারকা ঋতুপর্ণা সেনগুপ্ত, শ্রাবন্তীসহ একাধিক তারকা। তাঁদের হাত ধরেই শুরু হয় রথযাত্রা। ইসকনের সুবর্ণজয়ন্তী বর্ষে কলকাতার ইসকন মন্দিরের উল্টোদিক থেকে রথ টানা শুরু হয়। তারপর তা কলকাতার মিন্টো পার্ক, হাজরা রোড, এক্সাইড ক্রসিং, চৌরঙ্গী, জওহরলাল নেহরু রোড, আউট্রাম রোড হয়ে শেষ হয় গিয়ে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। সেখানেই বসে রথের মেলা।
রথযাত্রা উপলক্ষে উড়িষ্যার পুরীতেও লাখ মানুষের ভিড় জমে। রীতি অনুযায়ী ঢাক, কাঁসর, ঘণ্টা বাজিয়ে পুরীর মন্দির থেকে তিনটি আলাদা রথে জগন্নাথ, বলরাম ও সুভদ্রামে বসিয়ে শোভাযাত্রা বের করা হয়। এরপর শুরু হয় বিশেষ পূজা অর্চনা। নিয়ম মেনে পুরীর রাজা সোনার ঝাঁটা দিয়ে রাস্তা পরিষ্কার করেন। ভারতে পুরীর রথযাত্রা উল্লেখযোগ্য।
রথ উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পুণ্যার্থীরা ভিড় জমান পুরীতে। এদিন রথযাত্রা ঘিরে ভারতের বিভিন্ন স্থানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিশেষ করে সমুদ্রসৈকত পুরীতে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে।

মনোজ বসু, কলকাতা