নিখোঁজ ভারতীয় বিমানে প্রযুক্তিগত ত্রুটি ছিল
বঙ্গোপসাগরে ভারতীয় বিমানবাহিনীর এ এন-৩২ বিমান নিখোঁজ হওয়ার ২৪ ঘণ্টা পার হয়ে গেলেও এখনো তার কোনো খোঁজ মেলেনি। বিমানবাহিনীর বিমানটির তল্লাশি অভিযানের তদারকি করতে এরই মধ্যে শনিবার চেন্নাই গিয়ে পৌঁছেছেন ভারতের কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকার।
এদিকে নিখোঁজ বিমানটির বেশ কিছু ত্রুটির কথা সামনে এসেছে। ভারতীয় গণমাধ্যমে প্রকাশ, বিমানটিতে বেশকিছু প্রযুক্তিগত সমস্যা ছিল। চলতি মাসের শুরুতে ওই বিমানে তিনটি ত্রুটি ধরা পড়ে। যদিও বিমান কর্মকর্তাদের দাবি, ত্রুটি এমন কিছু ভয়ঙ্কর ছিল না।
নিখোঁজ বিমানের সন্ধানে বঙ্গোপসাগরে একযোগে সন্ধান চালাচ্ছে ভারতীয় বিমান, নৌ এবং উপকূল রক্ষীবাহিনী। ১৮টি যুদ্ধজাহাজ, দুটি পসেডাইন-৮১, একটি সি-১৩০ জে সুপার হারকিউলিস এবং তিনটি ডার্নিয়ার এয়ারক্রাফট বঙ্গোপসাগরের উপকূলে তন্ন তন্ন করে খুঁজছে হারিয়ে যাওয়া বিমানটিকে। তবে বর্ষার মৌসুমে সাগর উত্তাল থাকায় ব্যাহত হচ্ছে তল্লাশি অভিযান।
এদিকে শনিবার বিকেলে শেষ খবর পাওয়া পর্যন্ত বিমানটির কোনো ধ্বংসাবশেষ উদ্ধার করা যায়নি। বঙ্গোপসাগরের বুকে আকাশপথে ঘুরে দেখছেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকার।
গতকাল শুক্রবার ভারতীয় সময় সকাল ৮টা ২০ মিনিটে চেন্নাইয়ের তাম্বারাম থেকে পোর্টব্লেয়ারের উদ্দেশে রওনা দেয় দুই ইঞ্জিনের আন্তোনভ এ এন-৩২ বিমানটি। বেলা ১১টা ৪৫ মিনিটে বিমানটির পোর্ট ব্লেয়ারে নামার কথা ছিল। কিন্তু আকাশে ওড়ার ১৬ মিনিট পর বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
ভারতীয় বিমানবাহিনীর সুলুর ঘাঁটির ৩৩ নম্বর স্কোয়াড্রনের অন্তর্ভুক্ত ছিল নিখোঁজ বিমানটি। বিমানে মোট ২৯ জন যাত্রীর মধ্যে একজন নারীসহ চার বিমানবাহিনী কর্মকর্তা, ১৭ জন সেনাবাহিনীর কর্মকর্তা এবং বাকি আটজন জওয়ানদের পরিবারের সদস্য ছিলেন। বিমানে ছয়জন ক্রুর মধ্যে ছিলেন দুজন ফ্লাইট লেফটেন্যান্ট পাইলট, একজন নেভিগেটর ফ্লাইট লেফটেন্যান্ট, একজন ফ্লাইট ইঞ্জিনিয়ার এবং দুজন টেকনিশিয়ান।
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, শেষবার যখন রাডারে বিমানটির সঙ্গে যোগাযোগ হয় তখন সেটি চেন্নাইয়ের ১৫১ নটিক্যাল মাইল পূর্ব অবস্থান করছিল। ২৩ হাজার ফুট উচ্চতায় উড়ছিল সেটি। জ্বালানি ছাড়া ওই বিমান চার ঘণ্টা আকাশে উড়তে পারে। প্রতিকূল আবহাওয়াতেও ওঠানামা করতে পেরে এই বিমান। মূলত পাহাড়ি এলাকা ও মরুভূমিতে মালামাল সরবরাহের জন্য এই বিমান ব্যবহার করে ভারতীয় বিমানবাহিনী।

কলকাতা সংবাদদাতা