‘একসঙ্গে আত্মহত্যা’ করতে যমুনায় তরুণের ঝাঁপ, ফিরে গেলেন তরুণী
ভারতের উত্তর প্রদেশের প্রয়াগরাজের একটি সেতু থেকে যমুনা নদীতে ঝাঁপ দেন আনু গুপ্তা নামের এক তরুণ। পুলিশ ও স্থানীয় ডুবুরিরা দ্রুত অভিযান চালিয়ে তাকে উদ্ধার করেছে। তবে তার সঙ্গে সেতু পর্যন্ত আসা এক তরুণী আনু পানিতে ঝাঁপ দেওয়ার পরপরই ঘটনাস্থল ত্যাগ করেন। ওই তরুণী তার প্রেমিকা ছিল বলে ধারণা করা হচ্ছে। খবর ইন্ডিয়া টুডের।
পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার (১৬ জুলাই) নিউ যমুনা ব্রিজে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই তরুণ ও তরুণী প্রেমের সম্পর্কে ছিলেন। তারা একসঙ্গে আত্মহত্যা করার উদ্দেশ্যেই সেতুতে এসেছিলেন। তবে, আনু গুপ্তা নদীতে ঝাঁপ দেওয়ার কিছুক্ষণ পরেই ওই তরুণী সেখান থেকে চলে যান।
ঘটনার খবর পেয়ে পুলিশ ও স্থানীয় ডুবুরিরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ প্রচেষ্টার পর তারা আনু গুপ্তাকে নদী থেকে তুলে আনতে সক্ষম হন।
পুলিশ জানায়, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে আনু গুপ্তাকে তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে এবং তিনি নিরাপদ আছেন।
পুলিশ আরও জানায়, কী পরিস্থিতিতে এ ঘটনা ঘটেছে তা জানতে তারা তদন্ত শুরু করেছে। আনুর সঙ্গে থাকা ওই তরুণীকে খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ।
ঘটনার সব দিক খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্তের ফলাফলের ভিত্তিতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানায় পুলিশ।

এনটিভি অনলাইন ডেস্ক