টাকা দিয়ে কিনে কিশোরীকে বিয়ে!
টাকা দিয়ে এক কিশোরীকে কিনে তাকে বিয়ে করার অভিযোগে ভারতের মহারাষ্ট্র রাজ্যে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এক প্রতিবেদনে ভারতের টেলিগ্রাফ পত্রিকা জানায়, সাড়ে ছয় লাখ টাকায় কিশোরী ললিতাকে (ছদ্মনাম) কিনে আনে ৩৫ বছরের লাচ্চারাম কৃপারাম চৌধুরী। এরপর ললিতাকে নানাভাবে নির্যাতন করতেন লাচ্চারাম।
শেষে গত শনিবার নাবালিকা স্ত্রী ললিতা মহারাষ্ট্রের নালাসোপারা থানায় গিয়ে স্বামীর নামে অভিযোগ দায়ের করলে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। পুলিশের জিজ্ঞাসাবাদে লাচ্চারাম জানায়, গত বছর রাজস্থানের পালি জেলা থেকে ১৩ বছরের কিশোরীকে কিনে এনেছিলেন তিনি। দলিত পরিবারের ওই কিশোরীর বাবা অর্থাভাবে মেয়েকে তাঁর কাছে বিক্রি করেছিল। লাচ্চারাম দাবি করেন, ললিতাকে তিনি কিনে না আনলে ওই কিশোরী এবং তার পরিবারের অবস্থা আরো খারাপ হতে পারত।
টেলিগ্রাফ পত্রিকা আরো জানায়, ওই কিশোরীকে কিনে এনে প্রথমে ছয় মাস নিজের বাড়িতে রাখেন লাচ্চারাম। সে সময় ওই কিশোরী তাঁর বাড়িতে গৃহকর্মীর কাজ করত। পরে অবিবাহিত লাচ্চারাম ছয় মাসের মাথায় কিনে আনা কিশোরীকে বিয়ে করে।কিশোরীর পরিবারের অনুমতিতেই এই বিয়ে হয়েছিল বলে পুলিশকে জানিয়েছেন তিনি।
তবে কিশোরী ললিতা পুলিশকে জানিয়েছে, তার ওপর রোজ শারীরিক এবং মানসিক নির্যাতন চালাত লাচ্চারাম। শুধু তাই নয়, ললিতা জানিয়েছে লাচ্চারাম তার বাবা হরদেও সিংকে টাকার লোভ দেখিয়েছিল। আর টাকার লোভেই হরদেও তাকে লাচ্চারামের কাছে বিক্রি করে দেয় বলে জানিয়েছে সে।

অনলাইন ডেস্ক