ফেসিয়াল করায় স্ত্রীর মুখে এসিড
ফেসিয়াল করায় স্ত্রীর মুখে এসিড ছুড়ে মেরেছেন এক স্বামী। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর ২৪ পরগনা জেলায় মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটেছে।
টাইমস অব ইন্ডিয়া জানায়, এসিড হামলার শিকার ওই নারী ২৬ বছরের এক শিক্ষিকা। আর তাঁর স্বামী পরিবহন ব্যবসায়ী। তাঁদের চার এবং দেড় বছরের দুটি শিশুসন্তান আছে বলেও জানান ওই নারী।
ঘটনার পর প্রতিবেশীরাই এসিড আক্রমণের শিকার ওই নারীকে হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে ওই নারী জানান, সোমবার স্বামী বাড়িতে ফিরে তাঁর কাছে মদ খাওয়ার টাকা দাবি করেন। তিনি জানান, হাতে যা টাকা ছিল ফেসিয়াল করায় ওই টাকা শেষ হয়ে গেছে। টাকা না পাওয়ায় ক্ষিপ্ত স্বামী তাঁকে মারেন। এবং ফেসিয়াল করা বের করবেন বলে হুমকি দিয়ে যান।
পরে মঙ্গলবার সন্ধ্যায় বাড়ি ফেরার সময় সাইকেল চালিয়ে ভ্যানে বসা স্ত্রীর মুখে এসিড ছুড়ে পালিয়ে যান স্বামী। হাসপাতাল সূত্রে সংবাদমাধ্যম জানিয়েছে, এসিডে ওই নারীর কপাল এবং মুখের একপাশ পুড়ে গেছে। পুলিশের ধারণা, গাড়ির ব্যাটারিতে থাকা এসিড ছুড়েছিলেন তাঁর অভিযুক্ত স্বামী।
এদিকে ঘটনার পর ২৪ পরগনার পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায় জানান, ওই নারীর স্বামীর বিরুদ্ধে অ্যাসিড ছুড়ে কাউকে জখম করার ধারায় (৩২৬-এ) মামলা দায়ের হয়েছে।

অনলাইন ডেস্ক