পশ্চিমবঙ্গে ৭ বাংলাদেশি গ্রেপ্তার
একসঙ্গে সাত বাংলাদেশিকে গ্রেপ্তার করল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পুলিশ। আজ বুধবার দুপুরে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার সীমান্ত শহর বসিরহাট থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, ভারতে প্রবেশের বৈধ কাগজপত্র না থাকায় সাত বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্র জানায়, গ্রেপ্তার হওয়া বাংলাদেশিরা দুই মাস আগে বসিরহাটের স্বরূপনগর সীমান্তের হাকিমপুর এলাকা দিয়ে চোরাইপথে ভারতে ঢোকেন। এরপর তাঁরা ভারতের তামিল নাড়ুতে কাজের সন্ধানে যান। সেখানে কিছুদিন কাজ করার পর আজ তাঁদের বাংলাদেশে ফেরার কথা। এক দালাল মারফত তাঁরা বসিরহাট সীমান্ত দিয়ে চোরাইপথে বাংলাদেশে ফিরে যাওয়ার জন্য শিয়ালদহ থেকে ট্রেনে চেপে ভ্যাবলা স্টেশনে নামেন। কিন্তু ওই দালাল তাঁদের ভ্যাবলা স্টেশনে ছেড়ে দিয়ে পালিয়ে যান। এরপরই স্টেশন চত্বরে ইতস্তত ঘোরাফেরা করতে থাকেন ওই সাত বাংলাদেশি। এটি দেখে পুলিশের সন্দেহ হওয়ায় তাদের আটক করে। জিজ্ঞাসাবাদ করতেই তাঁরা গোটা ঘটনা খুলে বলেন পুলিশকে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া সাত বাংলাদেশি হলেন মো. রাকিব হোসেন, মো. রিয়াজুল সর্দার, মো. হাফিজুল সর্দার, মো. মুজাফফর, রুহুল আমিন, মো. আক্কাস আলী ও মো. ফয়জান আলী। তাঁদের বাড়ি বাংলাদেশের সাতক্ষীরা, নোয়াখালী ও গাইবান্ধা জেলার বিভিন্ন এলাকায়।
বসিরহাট থানার পুলিশ কর্মকর্তা দেবাশীষ চক্রবর্তী জানান, গ্রেপ্তার হওয়া সাত বাংলাদেশি কাজের খোঁজে ভারতে চোরাইপথে অনুপ্রবেশ করেছিলেন বলে প্রাথমিকভাবে জানিয়েছেন। তবে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁরা শুধু কাজের খোঁজে না কি অন্য কোনো উদ্দেশ্যে ভারতে ঢুকেছিলেন তা খতিয়ে দেখা হচ্ছে।

কলকাতা সংবাদদাতা