ফেসবুকে অশালীন পোস্ট, ৯০ লাখ টাকা জরিমানা
ফেসবুকে ‘আপত্তিকর এবং অশালীন’ পোস্টের জন্য এক ব্যক্তিকে দেড় লাখ অস্ট্রেলিয়ান ডলার জরিমানা করা হয়েছে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ দাঁড়ায় প্রায় নব্বই লাখ টাকা। অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের একটি আদালতে আজ সোমবার এই জরিমানা ধার্য করেন বিচারক।
অস্ট্রেলিয়ার আদালত সূত্রে দি ইনডিপেনডেন্ট পত্রিকা জানায়, এক হোটেল মালিকের করা মামলার পরিপ্রেক্ষিতে এই রায় দিয়েছেন নিউ সাউথ ওয়েলস জেলা আদালতের বিচারক।
২০১৪ সালে ডেভিড স্কট নামের এক ইলেকট্রিশিয়ান ফেসবুকে ‘আপত্তিকর এবং অশালীন’ একটি পোস্ট লিখেন। ফেসবুকে পোস্টে সরাসরি ওই এলাকার ‘রোথ’ নামের এক হোটেলের মালিক কিনিথ রোথের বিরুদ্ধে অভিযোগ করেন, ন্যামবুকা শহরে কেনেথের দুটি হোটেল আছে। যেখানে শিশুদের সঙ্গে যৌন সম্পর্কের মতো অবৈধ কাজ চলে।
ফেসবুকে এই বিতর্কিত পোস্টটি প্রত্যাহার করা এবং তাঁকে ক্ষমা চেয়ে নেওয়ার জন্য অনুরোধ করেন কিনিথ। কথা শোনেননি ডেভিড। উলটো কিনিথকে বেধড়ক মারধর করেন তিনি। এতে তাঁর মুখমণ্ডলের হাড় ভেঙে যায়। আর এর জেরে ছয় মাস হাসপাতালে ভর্তি থাকতে হয় কিনিথকে।
এর পর ঘটনাটি আদালতে গড়ায়। শেষেমেশ বিচারক অভিযুক্ত ডেভিড স্কটকে দেড় লাখ মার্কিন ডলার জরিমানা দেওয়ার নির্দেশ দেন। পাশাপাশি তিনি জানান, সত্যতা যাচাই না করেই এ ধরনের কাজ কিনিথের ওপর মারাত্মক প্রভাব ফেলেছে।

অনলাইন ডেস্ক