অস্ট্রেলিয়ার প্রথম নারী সেনাপ্রধান সুসান কয়েল
অস্ট্রেলিয়ার সেনাবাহিনীর ইতিহাসে প্রথমবারের মতো নারী প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল সুসান কয়েল। দেশটির প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মার্লেস আজ সোমবার (১৩ এপ্রিল) এই ‘ঐতিহাসিক’ নিয়োগের ঘোষণা দেন।
প্রায় ১২৫ বছরের ইতিহাসে এই প্রথম কোনো নারী অস্ট্রেলিয়ার সেনাবাহিনী পরিচালনার দায়িত্ব পেলেন। তিন দশকের বেশি সময়ের সামরিক ক্যারিয়ারে সুসান কয়েল সলোমন দ্বীপপুঞ্জ, আফগানিস্তান এবং মধ্যপ্রাচ্যে দায়িত্ব পালন করেছেন। খবর এএফপির।
প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মার্লেস বলেন, এটি অস্ট্রেলিয়ার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। সুসান প্রথম নারী হিসেবে সেনাবাহিনীর নেতৃত্ব দেবেন, যা নিঃসন্দেহে একটি গভীরভাবে ঐতিহাসিক মুহূর্ত।
নিজের প্রতিক্রিয়ায় সুসান কয়েল বলেন, যা দেখা যায় না, তা হওয়াও সম্ভব নয়- এই বিশ্বাস থেকেই আমি এগিয়ে এসেছি। তিনি জানান, সাইবার যুদ্ধসহ আধুনিক সামরিক কৌশলে তার অভিজ্ঞতা ভবিষ্যতের নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বর্তমানে অস্ট্রেলিয়ার সেনাবাহিনী বড় ধরনের আধুনিকায়নের মধ্য দিয়ে যাচ্ছে। দীর্ঘপাল্লার অস্ত্র, ড্রোন এবং উন্নত যুদ্ধ প্রযুক্তি সংযোজনের মাধ্যমে বাহিনীকে আরও সক্ষম করে তোলার কাজ চলছে।
এই নিয়োগকে অস্ট্রেলিয়ার সামরিক ইতিহাসে একটি নতুন যুগের সূচনা হিসেবে দেখা হচ্ছে।

এনটিভি অনলাইন ডেস্ক