কাশ্মীর ফেরত চেয়ে পাকিস্তানকে ভারতের চিঠি
জম্মু-কাশ্মীরের পাকিস্তান অধিকৃত অংশ ফেরত চেয়ে ইসলামাবাদকে চিঠি পাঠিয়েছে নয়াদিল্লি। ওই চিঠিতে বলা হয়েছে,কাশ্মীরের দখলকৃত অংশ থেকে পাকিস্তান যেন অবিলম্বে সরে যায়। তাহলেই একমাত্র ভারত পাকিস্তানের সঙ্গে আলোচনায় বসতে রাজি।
ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে,কাশ্মীর নিয়ে ভারত যে পাকিস্তানের সঙ্গে কথা বলতে রাজি নয় তা বারবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের থেকে পাকিস্তানকে জানিয়ে দেওয়া হয়েছে। গত বুধবার পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজ খান মৌখিকভাবে কাশ্মীর সমস্যা নিয়ে পাক-ভারত বৈঠকের আহ্বান জানালে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল বলেছিলেন, ‘কাশ্মীর নয়,একমাত্র সীমান্ত সমস্যা নিয়েই পাকিস্তানের সঙ্গে আলোচনা হতে পারে।’
এরপর গতকাল বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিকাশ স্বরুপ আবার জানিয়ে দেন, কাশ্মীর নিয়ে পাকিস্তানের কথা বলার কোনো অধিকার নেই। এটা ভারতের অভ্যন্তরীন বিষয়। কিন্তু এরপরও গতকাল বিকেলে পাকিস্তান ভারতকে কাশ্মীরের সমস্যা নিয়ে বসতে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানায়।
এর উত্তরে ভারতের পররাষ্ট্রসচিব পাকিস্তানের ওই আলোচনায় বসার আমন্ত্রণ গ্রহণ করে পাক অধিকৃত কাশ্মীর থেকে পাকিস্তানকে সরে যাওয়ার অনুরোধ জানায়। এর ফলে দৃশ্যতই পাক-ভারত ঠান্ডা যুদ্ধের উত্তেজনা ক্রমেই চড়ছে বলে মন্তব্য বিশ্লেষকদের।

কলকাতা সংবাদদাতা