রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় নিহত ১০
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে নতুন করে পাল্টাপাল্টি হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। ইউক্রেনের বিভিন্ন শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ছয়জন, আর রাশিয়ার নিয়ন্ত্রিত এলাকায় ইউক্রেনের ড্রোন হামলায় চারজন নিহত হওয়ার খবর জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, স্থানীয় সময় রোববার (২৬ জুলাই) রাতে রাশিয়া সাতটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ১৩৬টি ড্রোন দিয়ে হামলা চালায়। এতে রাজধানী কিয়েভ, উত্তরাঞ্চলের চেরনিহিভ, জাপোরিঝঝিয়া এবং খারকিভ শহর ক্ষতিগ্রস্ত হয়। খবর আল জাজিরার।
উত্তরাঞ্চলীয় চেরনিহিভ শহরে একটি সুপারমার্কেটে রুশ ড্রোন হামলায় দুইজন নিহত হন। নিহতদের মধ্যে একজন নয় বছর বয়সী শিশু রয়েছে। এ ঘটনায় আরও ২৫ জন আহত হয়েছেন।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ হামলাকে একটি সাধারণ সুপারমার্কেটে অত্যন্ত নৃশংস ও নির্মম ড্রোন হামলা বলে মন্তব্য করেছেন।
পূর্বাঞ্চলের খারকিভ শহরে দিনের বেলায় ড্রোন হামলায় একজন নিহত এবং ১৬ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন শহরটির মেয়র।
জেলেনস্কি বলেন, এটি সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত রুশ সন্ত্রাস। এর কোনো সামরিক যৌক্তিকতা নেই।
দক্ষিণাঞ্চলের জাপোরিঝঝিয়া শহরে রাশিয়ার গ্লাইড বোমা হামলায় একজন নিহত এবং ছয়জন আহত হয়েছেন বলে জানিয়েছেন আঞ্চলিক গভর্নর ইভান ফেদোরভ।
রাজধানী কিয়েভে রাতের ক্ষেপণাস্ত্র হামলার পর একটি বহুতল ভবনের সপ্তম ও অষ্টম তলায় আগুন ধরে যায়। শহরের মেয়র ভিতালি ক্লিচকো জানান, এ হামলায় তিনজন আহত হয়েছেন। জরুরি সেবা বিভাগের প্রকাশিত ছবিতে বেশ কয়েকটি যানবাহনে আগুন জ্বলতে দেখা গেছে।
এদিকে পূর্বাঞ্চলের স্লোভিয়ানস্ক শহরে স্থানীয় বাসিন্দাদের সহায়তা করতে গিয়ে রুশ হামলায় ইউক্রেনের রাষ্ট্রীয় জ্বালানি প্রতিষ্ঠান নাফতোগাজের দুই কর্মী নিহত হয়েছেন।
অন্যদিকে রাশিয়ার নিয়ন্ত্রণাধীন দোনেৎস্ক অঞ্চলের হোরলিভকা শহরে ইউক্রেনের ড্রোন হামলায় চারজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে দাবি করেছেন রুশ-নিয়োগপ্রাপ্ত মেয়র ইভান প্রিখোদকো। পরে তিনি জানান, আরেকটি ড্রোন হামলায় একটি জরুরি সেবা যানবাহন ক্ষতিগ্রস্ত হলে তিনজন চিকিৎসাকর্মীসহ চারজন আহত হন।
এছাড়া ইউক্রেন সীমান্তসংলগ্ন রাশিয়ার বেলগোরোদ শহরে ড্রোন হামলায় দুই শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছেন বলে জানিয়েছে রুশ কর্তৃপক্ষ।
এর একদিন আগে আজভ সাগর উপকূলের রুশ-নিয়ন্ত্রিত একটি শহরে ইউক্রেনের হামলায় ১২ জন নিহত হওয়ার দাবি করেছিল মস্কো।
রাশিয়া ও ইউক্রেন—উভয় পক্ষই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করার অভিযোগ অস্বীকার করে আসছে। তবে জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২০২৬ সালে দুই দেশেই বেসামরিক হতাহতের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
জাতিসংঘ জানিয়েছে, চলতি বছরের প্রথম ছয় মাসে ইউক্রেনে ১ হাজার ৩৯৬ জন বেসামরিক নিহত এবং ৭ হাজার ৯৭৮ জন আহত হয়েছেন। একই সময়ে রাশিয়ায় ২৫০ জন নিহত এবং ১ হাজার ৫৯৬ জন আহত হয়েছেন।
এদিকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতির আলোচনা এখনও অচলাবস্থায় রয়েছে। রাশিয়া বর্তমানে পূর্ব ও দক্ষিণ ইউক্রেনের বিস্তীর্ণ এলাকা নিয়ন্ত্রণ করছে এবং পূর্ব ইউক্রেনের বাকি অঞ্চলও সামরিক শক্তির মাধ্যমে দখলের লক্ষ্য পুনর্ব্যক্ত করেছে।

এনটিভি অনলাইন ডেস্ক