বিশ্বকে ‘খোলা নর্দমা’ বানিয়ে তেল কোম্পানিগুলো মুনাফা লুটছে : গুতেরেস
জাতিসংঘের বিদায়ী মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, বিশ্বের বড় বড় জ্বালানি ও তেল কোম্পানিগুলো বিশ্বকে ‘খোলা নর্দমা’ হিসেবে ব্যবহার করছে ও পরিবেশ বিপর্যয়ের সুযোগ নিয়ে অঢেল মুনাফা কামিয়ে নিচ্ছে। স্থানীয় সময় মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গুতেরেস বলেন, আমরা জানি জীবাশ্ম জ্বালানি খাতের স্বার্থান্বেষী গোষ্ঠী নিজেরা কখনো সরে দাঁড়াবে না। কয়েক দশক ধরে বড় বড় তেল কোম্পানিগুলো আমাদের বিশ্বকে খোলা নর্দমার মতো ব্যবহার করে আসছে, আর তারা অঢেল অর্থ উপার্জন করছে।
নিজের দাবির পক্ষে তথ্য তুলে ধরে গুতেরেস জানান, ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর থেকে পাঁচটি বড় পশ্চিমা তেল কোম্পানি প্রায় আধা ট্রিলিয়ন (৫০০ বিলিয়ন) ডলার নিট মুনাফা পকেটে পুরেছে। অথচ তার বিপরীতে জলবায়ু পরিবর্তনের শিকার দরিদ্র ও উন্নয়নশীল দেশগুলোকে সহায়তার জন্য সংগৃহীত তহবিলের পরিমাণ ছিল মাত্র ৩৪ বিলিয়ন ডলার।
গুতেরেস এই পরিস্থিতিকে অতীতে ‘তামাক শিল্প’-এর ক্ষমতা প্রদর্শনের সঙ্গে তুলনা করেন। তিনি বলেন, যেসব গোষ্ঠী সবচেয়ে বেশি পরিবেশ দূষণ করেছে ও সবচেয়ে বেশি লাভবান হয়েছে, জলবায়ু ক্ষতির ক্ষতিপূরণ নিশ্চিত করতে তাদেরই সবচেয়ে বেশি ভূমিকা রাখতে হবে।
উত্তর গোলার্ধে রেকর্ড তাপমাত্রা বৃদ্ধি ও নেপালে হিমবাহ ধসে মারাত্মক বন্যার উদাহরণ টেনে গুতেরেস সতর্ক করে বলেন, প্রাক-শিল্পায়নের সময়ের চেয়ে তাপমাত্রা বৃদ্ধি ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখার প্যারিস চুক্তি সাময়িকভাবে হলেও লঙ্ঘিত হতে যাচ্ছে।
তবে একই সঙ্গে আশা প্রকাশ করে গুতেরেস জানান, বর্তমানে সৌর ও বাতাস চালিত নবায়নযোগ্য শক্তিই বিশ্বের অধিকাংশ স্থানে সবচেয়ে সাশ্রয়ী জ্বালানি হিসেবে আবির্ভূত হয়েছে।

এনটিভি অনলাইন ডেস্ক