দিল্লিতে ডেঙ্গু ও চিকুনগুনিয়ায় ২৫ জনের মৃত্যু
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পর এবার নয়াদিল্লিতে ডেঙ্গুর প্রকোপ দেখা দিয়েছে। ডেঙ্গুর পাশাপাশি চিকুনগুনিয়া রোগেও আক্রান্ত হচ্ছে লোকজন। দুই রোগে এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫ জনে, যার মধ্যে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ১৪ জনের। আর চিকুনগুনিয়ায় মৃত্যু হয়েছে ১১ জনের।
ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা গেছে, দিল্লির বিভিন্ন হাসপাতালে এখন ডেঙ্গু ও চিকুনগুনিয়ায় আক্রান্ত রোগীদের উপচেপড়া ভিড়। বিভিন্ন হাসপাতালে সুনির্দিষ্ট পরিকাঠামোর অভাবে রোগী ভর্তি করতে অসুবিধা হচ্ছে। অনেক হাসপাতালে রোগী ভর্তি এবং চিকিৎসাসেবা নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে রোগীর পরিবারের লোকদের বাকবিতণ্ডা হচ্ছে।
কয়েক দিনের মধ্যে নয়াদিল্লিতে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মারাত্মক প্রভাবে বিভিন্ন মহলে উদ্বেগ দেখা দিয়েছে। সেইসঙ্গে ম্যালেরিয়াসহ অন্যান্য মশাবাহিত রোগও মাথাচাড়া দিচ্ছে। ফলে পরিস্থিতি সামাল দিতে দিল্লির বিভিন্ন হাসপাতাল হিমশিম খাচ্ছে। দিল্লির বহু হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় ডেঙ্গু ও চিকুনগুনিয়ায় আক্রান্ত রোগীরা ভর্তি রয়েছেন। ডেঙ্গু ও চিকুনগুনিয়া নিয়ে রীতিমতো আতঙ্কের সৃষ্টি হয়েছে সাধারণ মানুষের মধ্যে।
ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় ডেঙ্গু ও চিকুনগুনিয়া মোকাবিলা নিয়ে দিল্লি সরকারের কাছে অবিলম্বে রিপোর্ট চেয়েছে। দিল্লিতে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো মরণব্যাধিকে সামাল দিতে দিল্লি সরকারের স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈনকে এরই মধ্যে সব রকমের সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা।
নাড্ডা জানান, ডেঙ্গু ও চিকুনগুনিয়া মোকাবিলায় পর্যাপ্ত পরিমাণে ওষুধ ও রক্ত পরীক্ষা করার জিনিসপত্র কেন্দ্রীয় সরকারের কাছে রয়েছে। এ ধরনের অসুখ প্রতিরোধের জন্য স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
দিল্লিতে ডেঙ্গু ও চিকুনগুনিয়া মোকাবিলা করার জন্য এরই মধ্যে দিল্লির বিভিন্ন হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল করেছে দিল্লি সরকার। সাধারণ মানুষের মধ্যেও চালানো হচ্ছে সচেতনতামূলক প্রচার। তবে দিল্লিতে ডেঙ্গুর পাশাপাশি চিকুনগুনিয়ায় আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। চলতি বর্ষা মৌসুমে এক হাজারের বেশি মানুষ চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়েছেন। দিল্লির অভিজাত লুটিয়েন এলাকা হোক কিংবা পুরোনো দিল্লির বস্তি এলাকা, সর্বত্রই এখন মহামারীর আকার নিয়েছে চিকুনগুনিয়া।
প্রবল জ্বর, বমি, সারা গায়ে লাল লাল দাগ আর সেইসঙ্গে গায়ে-হাত-পায়ে প্রচণ্ড ব্যথা নিয়ে দিল্লির বিভিন্ন হাসপাতালে প্রায় প্রতিদিনই রোগীরা লম্বা লাইনে দাঁড়াচ্ছেন।

কলকাতা সংবাদদাতা