যুক্তরাজ্যে রুশ টিভির ব্যাংক হিসাব স্থগিত
যুক্তরাজ্যে স্থগিত করে দেওয়া হয়েছে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত্ব টেলিভিশন চ্যানেল রাশিয়া টুডের (আরটি) ব্যাংক হিসাব। চ্যানেলটির প্রধান সম্পাদক মার্গারিটা সিমোনিয়ান এক টুইট বার্তায় এ তথ্য জানান।
আজ সোমবার ব্রিটিশ গণমাধ্যম ইনডিপেনডেন্ট জানিয়েছে, বিষয়টি নিয়ে জানতে রাশিয়ায় যোগাযোগ করা হয়েছে।
টুইট বার্তায় মার্গারিটা বলেন, ‘যুক্তরাজ্যে আমাদের ব্যাংক হিসাব স্থগিত করা হয়েছে।’ তিনি আরো লিখেন, ‘বাক স্বাধীনতা দীর্ঘজীবী হোক।’
আরটির ওয়েবসাইটে যুক্তরাজ্যের ব্যাংক ন্যাটওয়েস্টের একটি চিঠি দেওয়া হয়েছে। যেখানে ন্যাটওয়েস্ট আরটিকে জানিয়েছে, ব্যাংকটি আরটিকে আর কোনো সেবা দিবে না। রয়্যাল ব্যাংক অব স্কটল্যান্ড গ্রুপের একটি অংশ ন্যাটওয়েস্ট। জানানো হয়েছে, ওই গ্রুপই আর কোনো সেবা দিবে না আরটিকে।
আরটির প্রধান সম্পাদক মার্গারিটা অন্য একটি সংবাদমাধ্যমকে বলেন, ‘কেন এ রকম হলো এ বিষয়ে আমাদের কোনো ধারণাই নেই। গতকাল, এক মাস আগেও আমাদের সঙ্গে বিশেষ কিছুই হয়নি। কেউ আমাদের কোনো হুমকিও দেয়নি।’
মার্গারিটা আরো বলেন, ‘রাশিয়ার ওপর নতুন করে ইঙ্গ-মার্কিন নিষেধাজ্ঞার একটি পদক্ষেপ হতে পারে তা। হয়তো দ্রুতই এর ঘোষণা আসতে পারে। এটা নাও হতে পারে। আমরা আইনি পদক্ষেপ নিচ্ছি।’
আরটি রাশিয়ান সরকারের অর্থায়নে পরিচালিত টেলিভিশন নেটওয়ার্ক এবং সংবাদ ভিত্তিক ওয়েবসাইট। এর আগে একবার ইউক্রেন ও সিরিয়া সংঘর্ষের সময় যুক্তরাজ্যের রাষ্ট্রীয় যোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা অফকম রাশিয়ার ওই চ্যানেল আরটির ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল।
সম্প্রতি আরটি অভিযোগ করেছে, ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য ডেইলি স্টার ও ডেইলি মেইল তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ছড়াচ্ছে।

অনলাইন ডেস্ক