ওমরাহ পালনে গিয়ে সড়কে ঝরল বাংলাদেশির প্রাণ
পবিত্র ওমরাহ পালন করতে গিয়ে সৌদি আরবের মদিনায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ ইকবাল হোসেন নামের এক দুবাই প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও চারজন। গতকাল বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে মদিনার ‘ওয়াদি জিন’ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ ইকবাল হোসেন চট্টগ্রামের হাটহাজারী উপজেলার নাজিরহাট পূর্ব মন্দাকিনী এলাকার মৃত মোহাম্মদ ইউনুসের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত ইকবাল হোসেন ও তার সঙ্গীরা দুবাই থেকে ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যান। পবিত্র মক্কা নগরীতে ওমরাহ পালন শেষে তারা মদিনায় জিয়ারতের উদ্দেশ্যে রওনা হন। গতকাল বৃহস্পতিবার দুপুরে মদিনার ‘ওয়াদি জিন’ নামক স্থানে তাদের বহনকারী গাড়িটি দুর্ঘটনার কবলে পড়লে ঘটনাস্থলেই ইকবালের মৃত্যু হয়।
নিহতের ভাগিনা হাসান এনটিভিকে বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় গাড়িতে থাকা আরও চারজন আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি। বর্তমানে নিহতের মরদেহ মদিনার একটি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।

কামাল পারভেজ অভি, মক্কা