‘দুই-তিন দিনের মধ্যে’ প্রস্তুত হবে পারমাণবিক চুক্তির খসড়া : ইরান
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক পদক্ষেপের হুমকির পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, আগামী কয়েক দিনের মধ্যে তেহরান একটি পারমাণবিক চুক্তির পরিকল্পনা যুক্তরাষ্ট্রের কাছে জমা দেওয়ার জন্য প্রস্তুতি নেবে।
শুক্রবার মার্কিন টেলিভিশন নেটওয়ার্ক এমএসএনবিসি-র ‘মর্নিং জো’ শোর অনলাইন সংস্করণে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) প্রকাশিত এক সাক্ষাৎকারে আব্বাস আরাঘচি বলেন, ‘আমার পরবর্তী পদক্ষেপ হলো যুক্তরাষ্ট্রের কাছে সম্ভাব্য চুক্তির একটি খসড়া উপস্থাপন করা। আমি বিশ্বাস করি আগামী দুই-তিন দিনের মধ্যে এটি প্রস্তুত হয়ে যাবে এবং আমার ঊর্ধ্বতনদের চূড়ান্ত অনুমোদনের পর তা স্টিভ উইটকফের কাছে হস্তান্তর করা হবে।’
গতকাল বৃহস্পতিবার ট্রাম্প বলেছিলেন যে, পারমাণবিক কর্মসূচি থেকে শুরু করে অন্যান্য উদ্বেগের বিষয়ে চুক্তিতে পৌঁছাতে ইরানের হাতে বড়জোর ১৫ দিন সময় আছে। তিনি ইঙ্গিত দিয়ে বলেছিলেন, ইরান যদি তা না করে তবে মার্কিন যুক্তরাষ্ট্র হামলা চালাবে।
এর জবাবে আরাঘচি বলেন, ‘প্রথমেই আমাকে বলতে হচ্ছে, এখানে কোনো বেঁধে দেওয়া সময়সীমা নেই। আমরা কেবল একে অপরের সঙ্গে আলোচনা করছি যে কীভাবে দ্রুত একটি চুক্তি করা যায়। দ্রুত সময়ে চুক্তির বিষয়ে উভয় পক্ষই আগ্রহী।’

এনটিভি অনলাইন ডেস্ক